নয়া দিল্লি, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সফরকালে বুধবার ভারতের সঙ্গে ব্রিটেনের ১১০ কোটি ডলারের প্রতিরক্ষা ও বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান বিএই সিস্টেমস ও ভারতের রাষ্ট্র পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান রোলস রয়েস ১১০ কোটি ডলারের এ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ভারতে ৫৭ টি হক জঙ্গি বিমান সরবরাহ করা হবে।
এছাড়া ভারতের বেসামরিক পরমাণু প্রকল্পে সরঞ্জাম সরবরাহের জন্য তাদের কোম্পানিগুলোকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিশ সরকার। ভারতে পরমাণু প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কোম্পানিগুলোকে সরবরাহের অনুমোদন দেওয়ার এ সিদ্ধান্ত নিতে রাজি হয়েছেন ক্যামেরন।
গত মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ভারতে তার প্রথম সফরে ক্যামেরনের সঙ্গে এসেছেন ব্রিটেনের ছয় মন্ত্রী ও শীর্ষ কোম্পানিগুলোর ৩০ জনেরও বেশি উর্ধ্বতন প্রতিনিধি।
এ সফরকালে ক্যামেরন ভারতের প্রতিপক্ষ রাষ্ট্র পাকিস্তান সম্পর্কে বলেন, পাকিস্তানের সন্ত্রাসী রপ্তানি করা উচিত নয়।
তিনি বলেন, মুম্বাই হামলার অপরাধীদের শাস্তি পেতেই হবে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত ও ব্রিটেন এক যোগে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩২১ ঘ.
bdnews24