২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান জঙ্গিদের গোপনে সহায়তা করছে পাকিস্তান : উইকিলিকস

জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান অর্থ সহায়তা নিলেও আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সক্রিয়ভাবে সহায়তা করছে । মার্কিন সেনাবাহিনীর নতুন প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 09:52 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

ওয়াশিংটন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান অর্থ সহায়তা নিলেও আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সক্রিয়ভাবে সহায়তা করছে । মার্কিন সেনাবাহিনীর নতুন প্রতিবেদনে একথা বলা হয়েছে। উইকিলিকস নামের একটি সংস্থা এ তথ্য ফাঁস করেছে। উইকিলিকসের ফাঁস করা তথ্যে বলা হয়েছে, মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধে তালেবানদের গোপন কৌশল নির্ধারণে জঙ্গি নেটওয়ার্ক সংগঠিত করা বিষয়ক আলোচনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রতিনিধিরা সক্রিয়ভাবে উপস্থিত থাকেন। এসব তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করে হোয়াইট হাউস বলেছে, এটি জাতীয় নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। ওদিকে, তথ্য ফাঁসের ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে পাকিস্তান। তবে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে চলমান গভীর সহযোগিতার সম্পর্কের ওপর এটি কোনো প্রভাব ফেলবে না বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিম জোন্স। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি ও ডেমোক্র্যাট নেতা জন কেরি বলেছেন, "এ তথ্য পাকিস্তান ও আফগানিস্তান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নীতির বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।" উইকিলিকস জানিয়েছে, গত বছর ডিসেম্বরে আফগানিস্তানে আরো ৩০ হাজার সেনা মোতায়েনসহ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফগান পরিকল্পনার ওপর মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ৯০ হাজারেরও বেশি নথি তারা প্রকাশ করেছে। প্রকাশতি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান একইসঙ্গে তালেবানদের সহায়তা করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্ভাব বজায় রেখে কোটি কোটি ডলারের ত্রাণ সহায়তা নিয়ে দ্বৈত ভূমিকা পালন করছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এএইচ/১৯২৬ ঘ.