২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি প্রার্থীর সমর্থনে লাল শার্টদের বিশাল জমায়েত

ব্যাংককে একটি উপনির্বাচনের আগে কারাবন্দি এক প্রার্থীর সমর্থনে শুক্রবার একত্রিত হয়েছিলেন বিরোধীদলীয় হাজার হাজার সমর্থক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 08:04 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

ব্যাংকক, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাংককে একটি উপনির্বাচনের আগে কারাবন্দি এক প্রার্থীর সমর্থনে শুক্রবার একত্রিত হয়েছিলেন বিরোধীদলীয় হাজার হাজার সমর্থক। মাত্র দুই মাস আগে থাইল্যান্ডে সরকার বিরোধী রক্তক্ষয়ী আন্দোলনের পর এটাই সবচেয়ে বড় রাজনৈতিক জমায়েত। এতে কমপক্ষে ৪ হাজার সমর্থক অংশ নিয়েছে। এপ্রিল-মে মাসের ওই আন্দোলনে সরকারবিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় কমপক্ষে ৯০ জন নিহত ও ২ হাজারেরও বেশি মানুষ আহত হন। ব্যাংককে এক পার্লামেন্ট সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যাওয়া আসনে রোববার উপনির্বাচন হবে। ওই আসনে পোয়ে থাই পার্টির কারাবন্দি নেতার সমর্থনে বৃষ্টি উপেক্ষা করে লাল পোশাক পরা হাজার হাজার মানুষ সমাবেশ করে। দেশটির এক-চতুর্থাংশ অঞ্চলে এখনো জরুরি অবস্থা বলবৎ রয়েছে। মে মাসে আধুনিক থাইল্যান্ডের ইতিহাসে জঘন্যতম রাজনৈতিক সহিংসতার পর থেকে সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে থাই সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে লাল শার্টদের ১২ জ্যেষ্ঠ নেতাকে কারাগারে পাঠায়। উপনির্বাচনের প্রার্থী কোরকেও পিকুলথংও কারাবন্দি নেতাদের একজন। জরুরি অবস্থা থাকার পরও সরকার পক্ষপাতহীন নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সমাবেশে বাধা দেয়নি। ইতোমধ্যে ৫টি প্রদেশ থেকে সরকার জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেও ব্যাংককসহ ১৬টি প্রদেশে তা বলবৎ রেখেছে। এ সমাবেশ সরকারের প্রতি বিরোধীদের সর্বশেষ অনাস্থার বহিঃপ্রকাশ। জরুরি অবস্থা জারির পর থেকে লাল শার্ট নেতা-কর্মীরা গা ঢাকা দিয়ে আছে। কারণ জরুরি অবস্থায় যে কোন সময় যে কাউকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া জনসমাবেশ এবং গণমাধ্যমের ওপরও নিষেধাজ্ঞার খড়গ জারি রয়েছে। পোয়ে থাই এবং লাল শার্টরা থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিস সিনাওয়াত্রার সমর্থক বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৫৩ঘ.