২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোর স্বাধীনতা অবৈধ নয়: আন্তর্জাতিক আদালত

হেগের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত 'আইসিজে' বৃহস্পতিবার সার্বিয়া থেকে কসোভোর একপাক্ষিকভাবে ঘোষিত স্বাধীনতা বৈধ বলে রায় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

হেগ , জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হেগের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত 'আইসিজে' বৃহস্পতিবার সার্বিয়া থেকে কসোভোর একপাক্ষিকভাবে ঘোষিত স্বাধীনতা বৈধ বলে রায় দিয়েছে। রায়ে আদালত বলেছে, ২০০৮ সালে সার্বিয়া থেকে কসোভোর একতরফা স্বাধীনতা ঘোষণায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়নি। আইসিজে'র প্রেসিডেন্ট এবং বিচারক হিশাশি ওয়াদা তার রায়ে বলেন, "আদালতের বিবেচনায় সাধারণ আন্তর্জাতিক আইনে স্বাধীনতা ঘোষণা নিষিদ্ধ নয়। এদিক থেকে ২০০৮ সালের ১৭ ফেব্র"য়ারি কসোভোর স্বাধীনতা ঘোষণা সাধারণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়।" উল্লেখ্য, সার্বিয়া গত বছর কসোভোর স্বাধীনতা ঘোষণাকে অঞ্চলিক অখন্ডতার লঙ্ঘন বলে অভিযোগ করে আন্তর্জাতিক আদালতে। এর পরিপ্রেক্ষিতেই আইসিজে এ রায় দিল। রায়টি আইনগত বাধ্যবাধকতামূলক না হলেও বিশ্বজুড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সার্বিয়ার জন্য এ রায় বড় ধরনের ধাক্কা। এতে করে অনেক দেশ কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেবে এবং জাতিসংঘে প্রিস্ট্রিনার অন্তর্ভুক্তির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে, রায়ের ক্ষতিকর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলো আরও স্বায়ত্তশাসনের দাবি নিয়ে মাঠে নামতে পারে। ফলে অশান্ত হয়ে উঠতে পারে অনেক অঞ্চল। বলকান অঞ্চলে এ রায়ের ফলে বসনিয়ার সার্বদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিতে পারে। জাতিসংঘ ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ২০০৮ সালের ফেব্র"য়ারিতে কসোভার স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু খোদ সার্বিয়া এ স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য এবং সার্বিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও কসোভা কে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র সফররত কসোভার প্রধানমন্ত্রী হাশিম থাচির সঙ্গে এক বৈঠক শেষে বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন কসোভার স্বাধীনতায় আবারো যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেছেন। সার্বিয়া এবং কসোভার জাতিগত আলবেনিয়দের মধ্যে প্রায় দুই বছর ব্যাপী যুদ্ধ চলার পর ১৯৯৯ সালে ৭৮ দিন এর ন্যাটো পরিচালিত বোমা হামলার মধ্যে দিয়ে যুদ্ধ শেষ হয়। এরপর কসোভার ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় সার্বিয়া। বর্তমানে কসোভা জাতিসংঘের নিয়ন্ত্রণে রয়েছে এবং ন্যাটো নিয়ন্ত্রিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে প্রায় ২০ লাখ আলবেনীয় এবং প্রায় ১ লাখ ২০ হাজার সার্ব বিচ্ছিন্নভাবে কসোভায় বসবাস করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৪৫ ঘ.