ওয়াশিংটন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেন আগামী বছর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করতে পারে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার একথা জানিয়েছেন।
ব্রিটেন বলেছে, তারা আফগানিস্তান থেকে ৫ বছরের মধ্যে ৯ হাজার ৫শ সেনার বাহিনী প্রত্যাহার করতে চায়।
২০১৪ সালের শেষ নাগাদ আফগানদের হাতে নিরাপত্তাভার পুরোপুরি তুলে দেওয়ার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতি রেখেই সেনা প্রত্যাহার করতে চায় ব্রিটেন।
যুক্তরাষ্ট্রও আগামী বছর জুলাই থেকে সেনা প্রত্যাহার শুরু করতে চায়। ওই সময়ের সঙ্গে মিলিয়েই ব্রিটেন সেনা প্রত্যাহার করতে চাইছে কিনা জিজ্ঞেস করা হলে বিবিসি'র রেডিও ফাইভ লাইভ এর সঙ্গে সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, হ্যাঁ। আমরা তা করতে পারি। কিন্তু এটি নির্ভর করছে মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপর।
তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি বিভিন্ন জেলা ও প্রদেশের দায়িত্ব হস্তান্তর করতে পারব ততই তাড়াতাড়ি কিছু সেনা দেশে ফিরিয়ে নিতে পারব। তবে তিনি বলেন, এ ব্যাপারে খুব বেশি আশা দিতে চান না তিনি। কারণ, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপরই বিষয়টি নির্ভর করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫১ ঘ.
bdnews24