২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় নির্বাচনী জরিপে এগিয়ে ক্ষমতাসীনরা

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টিই জয়ী হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 06:06 AM

Updated : 25 Aug 2022, 04:10 PM

সিডনি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টিই জয়ী হতে যাচ্ছে। সোমবার অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে প্রকাশিত জনমত জরিপে দেখা যায়, জুলিয়া গিলার্ডের নেতৃত্বাধীন দলটি পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে। কেভিন রুডের নেতৃত্বে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা যখন ক্রমশ হ্রাস পাচ্ছিল ঠিক তখন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে জুলিয়া গিলার্ডকে বেছে নেয় লেবার পার্টি। গত জুন মাসে কেভিন রুডকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জরিপে বলা হয়, জুন মাসে লেবার পার্টির সমর্থন ৫৩ শতাংশ থাকলেও এখন তা বেড়ে ৫৫ শতাংশ হয়েছে। অন্যদিকে রক্ষণশীল বিরোধী দলের সমর্থন ৪৭ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। জনমত জরিপে অংশগ্রহণকারীরা দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গিলার্ডকে উপযুক্ত মনে করে। অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ২৭ শতাংশ বিরোধী দলীয় নেতা টনি আব্বোটকে সমর্থন করলেও ৫৭ শতাংশ জনগণ জানিয়েছে, গিলার্ড হবেন অধিকতর ভালো নেতা। জরিপে আরো দেখা যায়, ৪২ শতাংশ জনগণ মনে করে, গিলার্ডের দলই সবচেয়ে ভালোভাবে অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারবে। যেখানে বিরোধী দলের প্রতি সমর্থন রয়েছে ৪১ শতাংশ জনগণের। দুই সপ্তাহ আগে বিতর্কিত নতুন একটি কর বিষয়ে বড় একটি কোম্পানির সঙ্গে গিলার্ডের সমঝোতা আলোচনার পর জনমত জরিপের এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। দলীয় নেতা হিসেবে গিলার্ড দায়িত্ব নেওয়ার পরই লেবার পার্টির ভাগ্য দ্রুত পরিবর্তিত হয়। নেতৃত্ব পরিবর্তনের আগে দলটি নির্বাচনে পরাজয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৬ঘ.