২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬০

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার মধ্যরাতে দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 03:16 AM

Updated : 25 Aug 2022, 04:10 PM

নয়া দিল্লি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পশ্চিমবঙ্গে সোমবার মধ্যরাতে দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছে বলে সরকারি কর্মকর্তাসূত্রে জানা গেছে। দু'মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গে এ ধরনের বড় দুটি ট্রেন দুর্ঘটনা ঘটলো। মে মাসে মাওবাদীদের হামলায় ওই ট্রেন দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়। যদিও মাওবাদীরা সে অভিযোগ অস্বীকার করেছে। জেলা ম্যাজিস্ট্রেট সৌমিত্র মোহন জানান, পশ্চিমবঙ্গ স্টেশনে বনাঞ্চল এক্সপ্রেস নামের একটি ট্রেন বিরতি নেওয়ার সময় দ্রুতগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস একই লাইনে প্রবেশ করলে দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ের মুখপাত্র সমীর গোস্বামী জানান, "আমরা সর্বশেষ ৬০ জনের লাশ পেয়েছি। নিহতের সংখ্যা আর বাড়বে বলে মনে হয় না।" দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্টেশনে আসেন রেলওয়ে টিকেট কালেক্টর মদন লাল। তিনি জানান, "রাত প্রায় সোয়া ২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অন্ধকারে মানুষের কান্না আর চিৎকারের শব্দই কেবল আমি শুনতে পেয়েছি।" এর আগে ম্যাজিস্ট্রেট সৌমিত্র মোহন জানিয়েছিলেন, "এখনো পর্যন্ত ৪০টি লাশ আমরা উদ্ধার করতে পেরেছি।" তিনি আরো জানান, আহত ৫০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। দুর্ঘটনাস্থলে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমিয়েছে। তাদের কেউ কেউ উদ্ধার তৎপরতায় সাহায্য করছেন। মোহন বলেন, "দুর্ঘটনায় আটকা পড়েছেন অন্তত ১০ জন মানুষ। আমরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।" দুর্ঘটনার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো যোগসূত্র রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১০৪৬ঘ.