২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ নিহত ৩০

ইরাকের উত্তরাঞ্চলীয় সুলায়মানিয়া শহরে সোমা হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ ৩০ জন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 11:46 AM

Updated : 25 Aug 2022, 02:00 PM

সুলায়মানিয়া, ইরাক জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলীয় সুলায়মানিয়া শহরে সোমা হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ ৩০ জন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে। (আরো তথ্যসহ) নিহত বাংলাদেশীরা হোটেলের কর্মচারী। তাদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বেশ কয়েকজন বাংলাদেশী কর্মচারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে অন্যান্য বিদেশি নাগরিক রয়েছে। এদের মধ্যে একজন ব্রিটিশ, একজন কানাডীয়, একজন জাপানি, একজন পোলিশ, একজন ইকুয়েডরীয়ান এবং একজন অস্ট্রেলীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। আরেকজন পুলিশ কর্মকর্তা নিহতদের মধ্যে একজন চীনা নাগরিকও রয়েছে বলে জানিয়েছেন। বাদবাকীদের মধ্যে আমেরিকান, আফ্রিকান, আরব, ইরাকিরা রয়েছে বলে হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইরাকি পত্রিকা 'আসওয়াত আল ইরাক'। আহতের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছে পত্রিকাটি। পুলিশ জানায়, গ্যাস ফুটো হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সোমা হোটেলের নীচ তলার রেস্টুরেন্টে আগুন ধরে যায়। হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র প্রাথমিকভাবে এ ঘটনায় মৃতের সংখ্যা ৪০ বলে জানালেও পরে নগরীর পুলিশ প্রধান চূড়ান্ত সরকারি হিসাবে নিহতের সংখ্যা ২৯ উল্লেখ করেন। পরবর্তী আরেকটি খবরে মৃতের সংখ্যা ৩০ বলে জানায় পুলিশ। সুলাইমানিয়া কুর্দি স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের ২য় বৃহত্তম নগরী। এর অবস্থান বাগদাদ থেকে ২৬০ কিলোমিটার উত্তরপূর্বে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ইরাকের অপেক্ষাকৃত স্থিতিশীল এবং সহিংসতামুক্ত কুর্দি অধ্যুষিত এ অঞ্চলে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত চলছে। আল আসওয়াত জানায়, সোমা হোটেলটি একটি অন্যতম ৫ তলা বিশিষ্ট পর্যটন হোটেল। আগুনে হোটেলটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা বাঁচার জন্য হোটেলকক্ষ থেকে নিচে লাফিয়ে পড়েছিল। হোটেলটিতে বৃহস্পতিবার শেষভাগে অগ্নিকাণ্ড ঘটার পর বেশ কয়েকঘণ্টা আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল। এ সময় অনেকেই আগুন থেকে বাঁচার জন্যে চারতলা থেকে লাফিয়ে পড়ে। এতে অন্তত ৩ জন মারা যায়। শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রিকা হামা রাশিদ করিম জানান, "নিহতদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। তারা বেরিয়ে আসতে পারেনি।" নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার প্রধান কাদের হামা জানিয়েছেন, "এটি কোনো সন্ত্রাসী ঘটনা নয়। সম্ভবত বৈদ্যুতিক ত্র"টিজনিত কোনো কারণে এটি ঘটেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/এলকিউ/১৪১৫ঘ.