২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো তেল নিঃসরণ বন্ধের দাবি বিপির

মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 07:57 AM

Updated : 25 Aug 2022, 02:01 PM

হাউস্টন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। এপ্রিলে কূপটি বিস্ফোরণের পর প্রথমবারের মতো তেল নিঃসরণ বন্ধের এ খবর পাওয়া গেলো। এ সপ্তাহের শুরুতে বিপি তেলকূপে একটি ক্যাপ লাগায়। পরে তারা জানায়, ক্যাপটি পুরোপুরিভাবে তেল প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তেল নিঃসরণ বন্ধের এ তথ্যে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ এ তেল কোম্পানির শেয়ারের মূল্য প্রাথমিকভাবে ১০ শতাংশ বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাম্প্রতিক বিপির এ প্রচেষ্টাকে 'ইতিবাচক সংকেত' বলে উল্লেখ করলেও তিনি জানান, এ উদ্যোগ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অস্থায়ীভাবে তেল নিঃসরণ বন্ধে এ ক্যাপের ব্যবহারই সবচেয়ে ভালো বলে জানিয়েছে উপকূল রক্ষী বাহিনী। এ পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর পরিসরে কূপটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি অক্ষত রয়েছে তা জানা বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত কোস্ট গার্ড অ্যাডমিরাল থাড অ্যালেন। তিনি একে বাগানের পানির পাইপের শেষ অংশে আঙুল রাখার সঙ্গে তুলনা করেছেন। শেষ অংশে আঙুল রাখায় যদি চাপ না বাড়ে তাহলে বুঝতে হবে অন্য কোথাও ছিদ্র রয়েছে। এদিকে রয়টার্সের বিশ্লেষকদের চালানো এক জরিপে বলা হয়েছে, নিঃসৃত তেল পরিষ্কার ও আইনি ক্ষেত্রে আগামী ১৫ বছরে বিপি ৬৩ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন ডলার ব্যয় করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫১ঘ.