২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আত্মঘাতী হামলায় নিহত ২৮

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানের প্রধান শিয়া মসজিদে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় রেভ্যুলেশনারি গার্ডের সদস্যসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 03:34 AM

Updated : 25 Aug 2022, 02:01 PM

তেহরান, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানের প্রধান শিয়া মসজিদে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় রেভ্যুলেশনারি গার্ডের সদস্যসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৬৯ জন আহত হয়েছেন বলে ইরানের সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে। ইরানের সুন্নি মুসলিম বিদ্রোহী গোষ্ঠী জানদোল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে। আল অ্যারাবিয়া টেলিভিশনে পাঠানো একটি ই-মেইলে তারা জানায়, জুনে তাদের নেতা আবদুল মালেক রিগিকে ফাঁসি দিয়েছে ইরান। এ হামলা তারই পাল্টা জবাব। বোমা হামলা চালানোর অভিযোগে রিগিকে ফাঁসি দেয় ইরান। জানদোল্লাহদের দাবি তারা ইরানে সংখ্যালঘু সুন্নিদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে। আত্মঘাতী দুটি হামলাই চালানো হয় জাহেদানের প্রধান মসজিদে। জানদোল্লাহ জানিয়েছে, হামলা যারা চালিয়েছে তারা রিগির আত্মীয় এবং রেভ্যুলেশনারি গার্ডের সদস্যরাই ছিল এর লক্ষ্য। আল আরাবিয়া ই-মেইলের বরাত দিয়ে জানায়, আবদুল বাসেত রিগি এবং মোহাম্মদ রিগি নামে দু'জন ব্যক্তি এই হামলায় অংশ নিয়েছে। পাশাপাশি বিদ্রোহী সংগঠনটি আরো হামলা আসবে বলে হুমকি দিয়েছে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশেরে জরুরি শাখার প্রধাস ফারিবর্জ রাশিদি সরকারি ইরনা সংবাদ সংস্থাকে জানান, জাহেদানে দু'টি হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০০ জন। ইরানের ভারপ্রাপ্ত উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আলি আবদুল্লাহি জানান, "হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন।" ইরনা জানিয়েছে, আত্মঘাতী হামলার দ্বিতীয়টি ছিল অনেক ভয়ঙ্কর। এতে প্রধান মসজিদে মানুষের শরীরের বিভিন্ন অংশ টুকরো হয়ে ছড়িয়ে যায়। জানদোল্লাহ একটি বোমা হামলার দায়িত্ব স্বীকার করে নেওয়ার চারমাস পরই শিয়া মুসলিম শাসিত ইরান ফেব্র"য়ারিতে রিগিকে গ্রেপ্তার করে। ওই হামলায় রেভ্যুলেশনারি গার্ডের ১৫ সদস্যসহ কয়েক ডজন খানেক মানুষ নিহত হন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান। পাকিস্তানের সঙ্গে এটির সীমান্ত রয়েছে। প্রদেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমস্যাগ্রস্ত। প্রায়ই এখানে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সংঘর্ষ বেধে যায়। ইরানের দাবি, জানদোল্লার সঙ্গে সুন্নি মুসলিমপন্থী আল কায়েদার সম্পর্ক রয়েছে। এর আগে ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পাকিস্তান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র জানদোল্লাহকে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছিল ইরান। তিন রাষ্ট্রই ইরানের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জানদোল্লাহও আল কায়েদার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে। রেভ্যুলেশনারি গার্ডের কর্মকর্তা ইয়াদোল্লাহ জাভাদি জানান, "আমাদের দেশের শত্র"রা শিয়া-সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।" ২০০৯ সালের মে মাসে জাহেদানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও ১২০ জনেরও বেশি মানুষ আহত হন। ইরানের বিরুদ্ধে সংখ্যালঘু আদিবাসী ও সুন্নিদের বিরুদ্ধে হত্যাসহ নিপীড়নের অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ও পশ্চিমা রাষ্ট্রগুলোর। তবে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১৭১৯ঘ.