২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড় ধ্বংস করেছে আমাজনের অর্ধশত কোটি বৃক্ষ

২০০৫ সালে এক শক্তিশালী ঝড়ে বিশ্বের অন্যতম বৃহত্তম বন আমাজনে প্রায় অর্ধশত কোটি গাছ ধ্বংস হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 04:07 AM

Updated : 25 Aug 2022, 01:58 PM

রিও ডি জেনিরো, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৫ সালে এক শক্তিশালী ঝড়ে বিশ্বের অন্যতম বৃহত্তম বন আমাজনে প্রায় অর্ধশত কোটি গাছ ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের কারণে বিশ্বের বনগুলো আরও মারাত্মকভাবে অরক্ষিত হয়ে পড়তে পারে বলেও এ গবেষণাটিতে বলা হয়েছে। নিউ ওরলিন্সের তুলান ইউনিভার্সিটির গবেষকরা উপগ্রহের সাহায্যে সংগৃহীত তথ্য সংগ্রহ, ক্ষতিগ্রস্ত অঞ্চল পর্যবেক্ষণ ও কম্পিউটারের মডেল ব্যবহার করেছেন। তারা হিসেব করে দেখেছেন, ২০০৫ সালের জানুয়ারিতে আমাজনের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ে বনটির প্রায় ৪৪ থেকে ৬৬ কোটি গাছ ধ্বংস হয়ে গেছে। গবেষণায় আরও দেখা গেছে, ওই বছর মানাউস শহরের আশপাশে বসবাসকারী মানুষ যে পরিমাণ বন উজার করেছে তার প্রায় ৩০ শতাংশের সমান এক ঝড়েই ধ্বংস হয়েছে। গবেষক দলের একজন জেফ চাম্বার। তিনি প্রায় ২০ বছর ধরে আমাজন জঙ্গল বিষয়ে গবেষণা করছেন। চাম্বার রয়টার্সকে বলেন, "আমাজনের এই বন ধ্বংসের বিয়ষটিকে বন উজারের সঙ্গে তুলনা করা যাবে না। সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়ায় এটি ঘটেছে। এখানে ভয়াবহ ঝড় হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/০৯৫১ঘ.