২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চেওনান' ডুবির বৈঠক থেকে পিছিয়ে গেল উ. কোরিয়া

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের সঙ্গে মঙ্গলবারের বৈঠক হঠাৎ করেই প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

সিউল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের সঙ্গে মঙ্গলবারের বৈঠক হঠাৎ করেই প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা নিয়ে প্রথমবারের মতো এ বৈঠক হওয়ার কথা ছিল। জাতিসংঘ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রশাসনিক কারণে' উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিনিধিরা বৈঠকে অংশ নিতে বিলম্ব হবে বলে জানিয়েছে। তবে বৈঠকের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। বৈঠক শুরু হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে এ কথা জানায় উত্তর কোরীয় কর্তৃপক্ষ। সীমান্ত গ্রাম পানমুনজমে এই দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। এর আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনা কর্মকর্তা ও বেসামরিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি যৌথ তদন্তকারী দল দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ 'চেওনান'কে টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়ার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে। এতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক প্রাণ হারান। উত্তর কোরিয়া অবশ্য শুরু থেকেই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ হামলার সমালোচনা করলেও উত্তর কোরিয়াকে সরাসরি দোষারোপ করেনি। এদিকে প্রায় এক বছর পর আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনায় বসার প্রস্তাব দিয়ে উত্তর কোরিয়া 'চেওনান' দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়া যে সত্যিকার অর্থেই সমস্যার সমাধান চায় তা বোঝানোর জন্য প্রথমেই উচিত যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৩ঘ.