লন্ডন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কট্টরপন্থিদের বিরোধিতা স্বত্ত্বেও নারী ধর্ম যাজকের বিষয়টি অনুমোদন করেছে ব্রিটিনের গির্জা পরিচালনা কর্তৃপক্ষ।
গির্জার জাতীয় পরিষদের সদস্যদের ধর্মসভায় সোমবার দীর্ঘ ১২ ঘণ্টা খসড়া আইনের ওপর তর্ক-বিতর্কের পর নারী যাজকের বিষয়টি অনুমোদন পেয়েছে।
নারী যাজকের বিষয়টি অনুমোদিত হলেও আইনটিকে ঘষা-মাজা করে চূড়ান্ত অনুমোদনের জন্য ২০১২ সালে আবারও সাধারণ ধর্মসভায় উপস্থাপন করা হবে।
ক্যান্টাবেরির আর্চ বিশপ রোয়ান উইলিয়ামস বলেন, "আমরা এ পরামর্শ ও প্রস্তাবনাগুলোকে গির্জায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কেননা খসড়া এ আইনটি সম্পর্কে সভায় উপস্থিত অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে।"
ব্রিটেনের উত্তরাঞ্চলীয় ইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে ব্রিটেনের গির্জা প্রধান জানান, বিষয়টি অত্যন্ত জটিল। এ ব্যাপারে সবার সম্মতি আদায় করা খুব কঠিন।
গির্জায় নারী যাজকের দাবিকারীদের অন্যতম ক্রিস্টিনা রিস জানান, এ সিদ্ধান্ত আইনটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি একে "অসাধারণ ফলাফল" আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, "একদিক থেকে বিবেচনা করলে আমি আশ্চর্য হইনি, অনেক খুশি হয়েছি। এটা খুব ভাল একটা খবর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৭ঘ.
bdnews24