২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে বন্ধ শ্রীলংকার জাতিসংঘ কার্যালয়

শ্রীলংকায় যুদ্ধাপরাধ তদন্ত প্যানেলের বিরুদ্ধে বুধবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ বিক্ষোভে বন্ধ হয়ে গেছে কলম্বোর জাতিসংঘ কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 01:28 PM

কলম্বো, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় যুদ্ধাপরাধ তদন্ত প্যানেলের বিরুদ্ধে বুধবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ বিক্ষোভে বন্ধ হয়ে গেছে কলম্বোর জাতিসংঘ কার্যালয়। জাতিসংঘ মহাসচিব বান-কি মুন যুদ্ধাপরাধ তদন্ত প্যানেল ভেঙে না দেওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। মঙ্গলবার গৃহায়ণমন্ত্রী বিমল বীরওয়ানসার নেতৃত্বে বিক্ষোভকালে ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সরকারের প্রভাবশালী মন্ত্রী বীরওয়ানসা পুলিশকে থামিয়ে দিয়ে বলেন, জাতিসংঘ তদন্ত প্যানেল ভেঙে না দেওয়া পর্যন্ত অনশন চলতে থাকবে। তিনি বলেন, "আগামীকালের মধ্যে আমরা যদি সদুত্তর না পাই তাহলে একজন পার্লামেন্ট সদস্য আমাদের সঙ্গে আমরণ অনশনে যোগ দেবেন। সারা বিশ্বে জাতিসংঘ কার্যালয়ের সামনে তদন্ত প্যানেলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা প্রবাসী শ্রীলংকানদের আহ্বান জানাচ্ছি।" শ্রীলংকার জাতিসংঘ কার্যলয়ে বুধবার কোনো কর্মকর্তা কর্মচারী যাননি। শ্রীলংকা জাতিসংঘ কার্যালয়ের কর্মকর্তা নিল বুনে রয়টার্সকে বলেন, "অফিস আজ বন্ধ। তবে আগামীকাল সেটা খোলা হবে বলে আমরা আশা করছি।" স্বাধীনতার দাবিতে আন্দোলনরত তামিল টাইগারদের বিরুদ্ধে ২৫ বছর ধরে চলা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে গত বছর মে মাসে শ্রীলংকার সেনাবাহিনী কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে গত ২২ জুন জাতিসংঘ মহাসচিব তিন সদস্যের একটি তদন্ত দল নিয়োগ করেন। শ্রীলংকা সরকার জাতিসংঘ তদন্ত প্যানেলের জোরালো প্রতিবাদ জানিয়ে আসছে। এ প্যানেল শ্রীলংকার সার্বভৌমত্ত্বের লঙ্ঘন এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত পশ্চিমা সরকারগুলোর দ্বিমুখী নীতির অনাকাঙ্খিত প্রয়োগ বলে সরকার অভিযোগ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২৪ ঘ.