অ্যালেক্সান্দ্রিয়া, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে ধরা পড়া রুশ গুপ্তচরচক্রের তিন সদস্যকে বুধবার শুনানির জন্য আদলতে হাজির করা হয়েছে।
১৯৯০ এর দশক থেকে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্র গত ২৭ জুন ওই চক্রের ১০ জনকে গ্রেপ্তার করে। পরের দিন সাইপ্রাসে আরো একজন আটক হলেও সে জামিনে মুক্তি পেয়ে উধাও হয়ে যায়।
ওয়াশিংটনের আর্লিংটন শহরতলীতে ভুয়া পরিচয়ে একসঙ্গে বসবাস করে আসছিলেন মিখাইল কুজিক এবং নাতালিয়ে পেরেভারজেভা। এই দুজনের সঙ্গে বিদেশি চর সন্দেহে তৃতীয় আরেকজন মিখাইল সেমেঙ্কোকেও অভিযুক্ত করা হয়েছে।
ভার্জিনিয়ার অ্যালেক্সান্দ্রিয়ায় আদালতের শুনানিতে এই তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ উপস্থাপন করবেন আইনজীবীরা।
বিচারক এই মামলার বিচারকাজ শুরু করা কিংবা অভিযোগ খারিজ করে দেওয়ার আদেশ দিতে পারেন। আর আটক অন্য ৭ জনের বিচার নিউ ইয়র্কের আদালতে হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
কুজিক এবং পেরেভারজেভা রুশ নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রে ভুয়া পরিচয়ে ('মিখায়েল জোত্তোলি' এবং 'প্যাট্রিসিয়া মিলস' নামে) বসবাসের কথা স্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্র জুনে এ চক্র নস্যাৎ করে দিয়ে চরদের আটকের কথা জানালে রাশিয়ার সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
রয়টার্স জানিয়েছে, রাশিয়া কারাদণ্ডপ্রাপ্ত এক বিজ্ঞানীর বিনিময়ে যুক্তরাষ্ট্রে আটক গুপ্তচরদের একজনকে চায়। ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইগর সুইয়াগিন নামক ওই বিজ্ঞানীকে ২০০৪ সালে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে রুশ আদালত।
ব্রিটিশ একটি ফার্মকে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ রয়েছে ইগরের বিরুদ্ধে। আইনজীবীরা বলছেন ইগর সিআইএ'র সম্মুখভাগে থেকে কাজ করছিলেন।
ইগরের বিনিময়ে আটক রুশ গুপ্তচরদের একজনকে রাশিয়া চায়। বৃহস্পতিবারই এ বিনিময় হোক, চায় রাশিয়া। ফোনে একথা জানিয়েছেন ইগরের আইনজীবী আন্না স্টাভিসকায়া। তবে ইগরের বিনিময়ে রাশিয়া কাকে চেয়েছে তা তিনি জানেন না বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24