জেরুজালেম, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সোমবার জেরুজালেমে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সামাল ফায়েদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। (আরো তথ্যসহ)
দু'মাস আগে পরোক্ষো মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর পর এটিই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। জেরুজালেমের কিং ডেভিড হোটেলে এ বৈঠক হয়।
মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৈঠকের আগেই এ বৈঠকে বসল দুপক্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনকে সরাসরি আলোচনায় বসাতে চায়।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সম্পর্ক সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রোববার জানায় বারাকের কার্যালয়।
ওদিকে, ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার পরোক্ষো শান্তি আলোচনার সঙ্গে এ বৈঠকের কোনো সম্পর্ক নেই। মাঠ পর্যায়ে নিরাপত্তা সমন্বয় নিয়ে আলোচনার জন্যই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
এহুদ বারাকের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বারাক এবং ফায়েদ গাজায় পণ্যসরবরাহ বাড়াতে সীমান্ত ক্রসিং প্রস্তুত রাখার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
তাছাড়া নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বয় অব্যাহত রাখার বিষয়টি নিয়েও দুজন আলোচনা করেছেন।
অন্যদিকে, ফায়েদ সাংবাদিকদের বলেছেন, তিনি বৈঠকে ফিলিস্তিনি শহরগুলোতে ইসরায়েলি সেনা অভিযানের প্রসঙ্গ তুলেছেন এবং ইসরায়েলি বসতিস্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন।
গত মে মাস থেকে ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে পরোক্ষো আলোচনায় নিয়োজিত রয়েছে।
ওবামার মধ্যপ্রাচ্য দূত জর্জ মিশেল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মতবিরোধ নিরসনের চেষ্টায় দু পক্ষকে সরাসরি বৈঠকে বসাতে গত মে মাস থেকে মধ্যস্থতা করে আসছেন।
ওদিকে, নেতানিয়াহুও যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি আলোচনার পথে এগুতে চান।
কিন্তু ফিলিস্তিনিরা বলছে, পরোক্ষো আলোচনা এখনও তেমন ফলদায়ক হয়নি যার ভিত্তিতে সরাসরি আলোচনায় বসা যায়।
বিডিনিউজ/বিসিএস/এলকিউ/১৯০৭ ঘ.
bdnews24