কিনশাসা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- কঙ্গোর পূর্বাঞ্চলীয় সাউথ কিভু প্রদেশে শুক্রবার একটি পেট্রোলবাহী লরি বিস্ফোরণ ও তা থেকে একটি গ্রামে আগুন লেগে কমপক্ষে ২২১ জন নিহত এবং ২১৪ জন আহত হয়েছে। রেড ক্রসের এক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।
কঙ্গোলিজ রেড ক্রসের কর্মকর্তা দিজারি কামা প্রাদেশিক সরকারের বরাত দিয়ে বলেন, এ দুর্ঘটনায় ২২১ জন নিহত ও ২১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৬১ জন শিশু ও ৩৬ জন নারী রয়েছে বলেও তিনি জানান।
জাতিসংঘের কঙ্গো মিশনের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনা থেকে লোকজনকে বাঁচাতে গিয়ে শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয়েছে।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ঐ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ৫ পাকিস্তানি সেনাও রয়েছে।
তবে জাতিসংঘের কঙ্গো মিশনের মুখপাত্র মাদনোদজে মোনুবাই বলেন, দুর্ঘটনায় কোনো শান্তিরক্ষী মারা যায়নি।
সাউথ কিভু প্রদেশের গভর্নর মারচেলিয়ন কিসাম্বো বলেন, একটি তেলবোঝাই লরি উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, লরিটি উল্টে যাওয়ার পর সব দিক থেকে পেট্রোল বের হতে থাকে এবং এক সময় বিস্ফোরিত হয়। এতে নিকটবর্তী গ্রাম সাঙ্গেতে আগুন ছড়িয়ে পড়ে।
কিসাম্বো বলেন, "তেল চুরি করতে গিয়ে কিছু লোক নিহত হয়েছে। কিন্তু বেশিরভাগই নিহত হয়েছেন যারা ঘরের ভিতর বিশ্বকাপের খেলা দেখছিলেন।"
কিসাম্বো আরো বলেন, প্রাদেশিক রাজধানী বুকাভু এবং বুরুন্ডির সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর উভিরার মধ্যকার সংযোগসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/এএইচ/১৯৩৫ ঘ.
bdnews24