২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইনে ওবামার স্বাক্ষর

ইরানের ওপর নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 04:45 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

ওয়াশিংটন, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইরানের ওপর নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র আরোপিত সবচেয়ে কঠোর এ নিষেধাজ্ঞা পারমাণবিক কর্মসূচিতে তেহরানের অর্থায়ন বাধাগ্রস্ত করবে। পাশাপাশি দেশটি বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে। নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষরের আগে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ওবামা বলেন, "আগের নিষেধাজ্ঞাসহ বর্তমানের এ নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন ও এর উন্নয়নে ইরান সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছি।" তিনি আরো বলেন, "পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় যে অঙ্গীকারাবদ্ধ সে বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।" মার্কিন সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভ এতে অনুমোদন দিয়েছে। নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য হলো গ্যাসোলাইন ও জেট ফুয়েলের মতো পরিশোধিত পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানি থেকে ইরানকে বিরত রাখা এবং আন্তর্জাতিক ব্যাংকিং পদ্ধতিতে দেশটির প্রবেশাধিকার কমানো। ওবামা বলেন, গত বছর ইরানকে সংলাপে বসার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, "আর তাই ইরান সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য আমরা বিভিন্ন দেশ একত্রিত হয়েছি।" ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে বিশ্ব নেতারা অভিযোগ করলেও দেশটি তা বরাবরই অস্বীকার করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪২ঘ.