ব্রাসেলস, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএফপি)-আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডারের দায়িত্ব গ্রহণের আগে নবনিযুক্ত মার্কিন জেনারেল ডেভিড প্রেট্রাউস বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর পরিদর্শন করছেন। এক ন্যাটো কর্মকর্তা একথা জানিয়েছেন।
সদর দপ্তরে তিনি ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে আফগান যুদ্ধ নিয়ে পরামর্শ করবেন বলে জানান ঐ কর্মকর্তা।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ঐ ন্যাটো কর্মকর্তা বলেন, জেনারেল পেট্রাউস ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেনের সঙ্গে বৈঠক করছেন। এছাড়া তিনি ২৮ জাতির নর্থ আটলান্টিক কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
মার্কিন সিনেটে জেনারেল ডেভিড পেট্রাউসকে আফগানিস্তানের মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে চূড়ান্ত করার একদিন পর তিনি এ সফর করছেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটো বিমান ঘাঁটিতে বুধবার তালেবান জঙ্গিদের হামলার পরপরই মার্কিন সিনেট ওবামার মনোনীত জেনারেলের নিয়োগ অনুমোদন করে।
ইরাক যুদ্ধের অন্যতম রূপকার ছিলেন ডেভিড পেট্রাউস। সে কারণেই যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আফগান যুদ্ধে সফলতা অর্জনে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন প্রেট্রাউসের ওপর।
তাই পেট্রাউসকে নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিনেটে এক বিরল ঐক্য দেখা যায়। প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক জোট এবং বিরোধী দল রিপাবলিক উভয়ই পেট্রাউসকে নির্বাচিত করেন। তিনি ৯৯-০ ভোটে নির্বাচিত হন।
ওবামা এক বিবৃতিতে বলেন, "সিনেটের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পেট্রাউসের অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে আমরা আফগানিস্তানে তালেবানদের দমনে এবং আফগানিস্তানকে দক্ষ করে গড়ে তুলতে আমাদের কৌশল প্রয়োগে সামান্য ঘাটতিও রাখিনি।"
জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল রোলিং স্টোন ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করলে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে ওবামা প্রশাসন। সে প্রেক্ষিতে ম্যাকক্রিস্টাল সরে যেতে বাধ্য হন। তার স্থলে পেট্রাউসকে বেছে নেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/বিবি/সিআর/এএইচ/১৭৪৬ ঘ.
bdnews24