ওয়াশিংটন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- ইরানের দুটি পরমাণু অস্ত্র বানানোর জন্য যথেষ্ট পরিমাণ কম-সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এতে করে ইরান ২০১২ সালের মধ্যেই পরমাণু অস্ত্র বানিয়ে তা ব্যবহার উপযোগী করে ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক লিও পানেত্তা রোববার একথা বলেছেন।
এবিসি নেটওয়ার্কের 'দিস উইক' প্রোগ্রামে পানেত্তা বলেন, "আমাদের ধারণা, দুটো পরমাণু অস্ত্র বানানোর জন্য ইরানের যথেষ্ট পরিমাণ কম-সমৃদ্ধ ইউরেনিয়াম আছে।"
তিনি বলেন, "ইউরেনিয়াম পুরোপুরি সমৃদ্ধ করে পরমাণু বোমা বানাতে তেহরানের একবছর সময় লাগবে। আরেক বছর সময় লাগবে সেই বোমাকে কার্যকর করার জন্য এটির ব্যবহার পদ্ধতি চালু করতে।"
সন্দেহজনক পরমাণু কর্মসূচি পরিহারের জন্য ইরান ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে আছে। পশ্চিমাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।
তবে ইরান বরাবরই এমন অভিযোগ নাকচ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৫ ঘ.
bdnews24