কলম্বো, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- শ্রীলংকার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে গঠিত জাতিসংঘের প্যানেলকে প্রবেশ করতে না দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন তদন্ত কমিটির প্রধান মারজুকি দারুসমান।
শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শ্রীলংকার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধ বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে পরামর্শ দেওয়ার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
৩৭ বছর ধরে চলা জাতিগত সংঘাতের পর গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের উৎখাত করে শ্রীলংকার সেনাবাহিনী।
এ সময় লঙ্কানবাহিনী কয়েক হাজার বেসামরিক তামিলকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইন্দোনেশিয়ার সাবেক এটর্নি জেনারেল মারজুকি দারুসমান কে প্রধান করে মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করেন।
বিবিসি কে দারুসমান বলেছেন, জাতিসংঘ প্যানেলের শ্রীলংকা সফর নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত খুবই দুঃখজনক ।
তিনি আরো বলেন, শ্রীলংকায় প্রবেশ করতে না পারলে সবাই হতাশ হবেন এবং প্রকৃত সত্য উদঘাটন আরো কঠিন হয়ে পড়বে।
'জাতিসংঘের তদন্ত প্যানেলের সদস্যদের ভিসা দেবেনা শ্রীলংকা' দেশটির পররাষ্ট্রমন্ত্রী যামিনি লক্ষণ পেইরিস এর বক্তব্যের পরই এই মন্তব্য করেছেন দারুসমান।
মানবাধিকার লঙ্ঘণের বিষয়টি খতিয়ে দেখতে এবং পরামর্শ দিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর গঠিত প্যানেলকে একেবারেই অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন পেইরিস ।
পেইরিস আরো বলেছেন, যুদ্ধ শেষে শ্রীলংকা নিজস্ব তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। তারাই খুঁজে দেখবে তামিল বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে সেনাবাহিনী এ ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে কি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৩৫২ঘ.
bdnews24