২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকক্রিস্টালের বিদায়ে হতাশ আফগানিস্তান

ন্যাটো কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল বরখাস্তের ঘটনায় হতাশ আফগানিস্তান। আফগান ও বিদেশি কূটনীতিকদের দৃষ্টিতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ভিডিও দেখুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

কাবুল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ন্যাটো কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল বরখাস্তের ঘটনায় হতাশ আফগানিস্তান। আফগান ও বিদেশি কূটনীতিকদের দৃষ্টিতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ম্যাকক্রিস্টালের বিদায়ে আফগানদের পাশাপাশি প্রেসিডেন্ট হামিদ কারজাইও হতাশ হয়েছেন। তার একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, "প্রেসিডেন্ট কারজাই ওবামার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ম্যাকক্রিস্টাল ছিলেন আফগান সরকার ও জনগণের অন্যতম বন্ধু।" বেসামরিক মানুষ হতাহতের মাত্রা কমানোর জন্য ম্যাকক্রিস্টালের কৌশল যথেষ্ট সফল হয়েছে যা জনসাধারণের মন জয় করেছে। তাছাড়া এ কৌশল একটি বিশৃঙ্খল ও ক্রমবর্ধমান বিরোধের মধ্যে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। তাই ম্যাকক্রিস্টাল যে ধারায় কাজ করেছেন সেটিই অব্যাহত থাক এমনটিই চাইছে আফগানিস্তান। আফগান সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল জাহির আজিমি বলেন, "ম্যাকক্রিস্টালের অপসারণ আমাদের প্রত্যাশিত নয়। কারণ তার আমলে যুদ্ধে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি অনেক কমেছিল।" তবে এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার বলে উল্লেখ করেন তিনি। আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনারা এখন নতুন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের অধীনে কাজ করার অপেক্ষায় আছে। পেত্রাউসকে অত্যন্ত কঠোর কমান্ডার বলেই জানে তারা। ইরাক যুদ্ধে নাটকীয়ভাবে সহিংসতা কমিয়ে এনেছিলেন তিনি। ইরাকে ওই স্থিতিশীলতা আনতে পারাতেই ওবামা তার ওপর আস্থা খুঁজে পেয়েছেন। কিন্তু তালেবানরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছে, নেতৃত্বে পরিবর্তন হলেও তারা বিদেশি সেনাদের বিরূদ্ধে যুদ্ধ বন্ধ করবে না। প্রায় নয় বছরের আফগান যুদ্ধে ন্যাটো সৈন্যদের জন্য চলতি মাসটিই সবচেয়ে প্রাণঘাতী প্রমাণিত হয়েছে। তালেবান হামলায় এপর্যন্ত ৭০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। সেনা মৃত্যুর এ বিপর্যয় কাটাতে পেত্রাউস কি করেন সেটি এখন দেখার বিষয়। তালেবানরা মন্তব্য করেছে, ম্যাকক্রিস্টালের বিদায় ওবামার যুদ্ধ পরিকল্পনার দোষ-ত্র"টি তুলে ধরেছে। তারা এক বিবৃতিতে দাবি করেছে, আফগানিস্তানে মার্কিনিরা হারছে। ওবামার পরিকল্পনা কোন কাজে আসছেনা। তার দোষ ঢাকতে তিনি ম্যাকক্রিস্টালকে অপসারণ করেছেন। আফগানিস্তান যুদ্ধের বর্তমান জটিল সময়ে কমান্ডার পরিবর্তন হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সেনারাও। এ পরিবর্তন ম্যাকক্রিস্টালের আফগান জনগণের মনজয়ী যুদ্ধকৌশল ক্ষুন্ন করতে পারে বলে আশঙ্কা করছে তারা। ওদিকে, কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও বিশ্লেষক সায়েদ মসৌদ ম্যাকও ম্যাকক্রিস্টালের বিদায়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "আমি এ ব্যাপারে খুবই শঙ্কিত যে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং ম্যাকক্রিস্টাল খুব অল্প সময়ের ব্যাবধানে তাদের পদ থেকে অপসারিত হয়েছেন। এর মানে আফগানিস্তানে এক ধরণের পরিবর্তন আসছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৩ ঘ.