ওয়াশিংটন, জুন ২২ (বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/রয়টার্স)---- একটি ম্যাগাজিনে ওবামা প্রশাসনের সমালোচনাকে কেন্দ্র করে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টালকে ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, ম্যাকক্রিস্টাল কাবুল থেকে বুধবার যুক্তরাষ্ট্রে ফিরবেন। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানান নি।
ম্যাকক্রিস্টাল ওই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরদিনই তাকে ওয়াশিংটনে ডেকে পাঠানো হল।
রোলিং স্টোন ম্যাগাজিনের একটি আর্টিকেলে প্রেসিডেন্ট ওবামা ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন ম্যাকক্রিস্টালের সহযোগীরা।
আর্টিকেলে তারা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে উপহাস করার পাশাপাশি প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে ম্যাকক্রিস্টাল 'হতাশ' বলে মন্তব্য করেন।
অন্তত আর্টিকেলে ম্যাকক্রিস্টালের সহযোগীদের যে উদ্ধৃতি দেওয়া হয়েছে তাতে ওবামা প্রশাসনের প্রতি তার দলের বিরূপ মনোভাব স্পস্টতই ধরা পড়েছে।
তাছাড়া, কাবুলে মার্কিন রাষ্ট্রদূত কার্ল ইকেনবেরী বিশ্বসঘাতকতা করেছেন-- ম্যাকক্রিস্টালের এমন বোধ হওয়ার কথাও আর্টিকেলে তুলে ধরা হয়েছে তারই উদ্ধৃতি দিয়ে।
আর্টিকেলটি শুক্রবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। ম্যাকক্রিস্টাল তার আগেই এ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে পরিস্থিতি হালকা করার চেষ্টা নেন।
ভুল হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, "এমনটি ঘটা উচিত হয়নি। আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি।"
প্রেসিডেন্ট ওবামাকে ব্যক্তিগতভাবে ঘটনাটি সবিস্তারে জানানোর জন্য ম্যাকক্রিস্টালকে ডেকে পাঠানো হয়েছে।
কাবুলে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, গণমাধ্যমের রিপোর্ট সম্পর্কে তিনি জানেন। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
৯ বছরের আফগান যুদ্ধে পেন্টাগনের সবচেয়ে নাজুক এ সময়ে ম্যাগাজিনে ওবামা প্রশাসনের ওই সমালোচনামূলক মন্তব্যের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ওবামার উপদেষ্টাদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।
ন্যাটো অবশ্য ঘটনাটিকে পাত্তা না দিয়ে বলেছে, ম্যাকক্রিস্টালের ওপর তাদের পুরো আস্থা আছে।
ন্যাটোর মুখপাত্র জেমস আপ্পাথুরাই আর্টিকেলটিকে দুঃখজনক আখ্যা দিলেও বলেছেন, এটি তো কেবল মাত্র একটি আর্টিকেল।
ওদিকে, মার্কিন সিনেটর জন কেরী আফগান যুদ্ধের তাগাদার কথা মাথায় রেখে ম্যাকক্রিস্টালের ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করে বরং শান্ত ও ধীরস্থির থাকার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, আফগানিস্তানে আমাদের যুদ্ধই সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিত। আর ম্যাকক্রিস্টালকে অপসারণ করা হবে কিনা সে সিদ্ধান্তের ভার ওবামার বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১২ ঘ.
bdnews24