২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জাতিসংঘ পরিদর্শককে ইরানে প্রবেশে বাধা

জাতিসংঘের দুই পরমাণু অস্ত্র পরিদর্শককে দেশে প্রবেশে বাধা দিয়েছে ইরান। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা প্রতিবেদনের কারণে তাদেরকে ইরানে ঢুকতে দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

তেহরান, ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- জাতিসংঘের দুই পরমাণু অস্ত্র পরিদর্শককে দেশে প্রবেশে বাধা দিয়েছে ইরান। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা প্রতিবেদনের কারণে তাদেরকে ইরানে ঢুকতে দেওয়া হয়নি। সোমবার ইরানের পরমাণু কর্মসূচি প্রধান আলী আকবর সালেহির উদ্ধৃতি দিয়ে একথা বলা হয়েছে। আইএসএনএ বার্তা সংস্থা জানিয়েছে, সালেহি বলেছেন, ওই দুই পরিদর্শক ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য ফাঁস করেছে। ইরান আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগেই একাজ করেছে তারা। ইরানের ওপর জাতিসংঘের ৪র্থ দফা নিষেধাজ্ঞা এবং এর পথ ধরে যুক্তরাষ্ট্র ও ইইউ'র বাড়তি নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র অস্ত্র পরিদর্শকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল তেহরান। আইএসএনএ বার্তা সংস্থা সালেহির উদ্ধৃতি দিয়ে বলেছে, "এই দুই অস্ত্র পরিদর্শকের ইরানে প্রবেশের অধিকার নেই। কারণ, তারা পরমাণু কর্মসূচি সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই তা ফাঁস করেছে এবং মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে।" এ দুই কারণেই ইরানে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়রিন বলে জানান তিনি। সালেহি আরো বলেন, ওই দুই পরিদর্শকের বদলে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য ইরান আইএইএ'কে অনুরোধ জানিয়েছে। নতুন লোককে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেওয়া হবে বলে জানান তিনি। সালেহি জানান, আইএইএ'র বোর্ড অব গভর্নরসদের শেষ অধিবেশনেই ইরান ওই দুই পরিদর্শকের তৈরি করা প্রতিবেদন ভুল বলে জানিয়ে আপত্তি তুলেছে এবং লোক বদলাতে বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০১ঘ.