জেরুজালেম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গাজা স্থল অবরোধ শিথিল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার গাজায় সামরিক সাজসরঞ্জাম বাদে অন্য সব পণ্য প্রবেশের সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা।
ইসরায়েল সরকারের মুখপাত্র মার্ক রেগেভ এএফপি সংবাদ সংস্থাকে একথা জানিয়েছেন। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
গত মাসে গাজা অভিমুখী ত্রাণবহরে ইসরায়েলের কমোন্ডো অভিযানে ৯ ত্রাণকর্মী নিহত হওয়ার পরই গাজা অবরোধ শিথিলের জন্য চাপ বাড়তে থাকে। রোববার ইসরায়েলি মন্ত্রসভা ভোটাভুটির মাধ্যমে গাজায় বেশির ভাগ পণ্য প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এতে করে গাজায় প্রবেশ করতে মানবিক সাহায্য, খাবার ও নির্মাণ সামগ্রী। তবে অস্ত্রশস্ত্র ও সামরিক সাজসরঞ্জামসহ কিছু পণ্য নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে ইসরায়েল।
গাজায় প্রায় সব ধরনের পণ্য প্রবেশই নিষিদ্ধ রেখেছিল ইসরায়েল। সেগুলো সবই এখন গাজায় যাবে। আর এর পরিবর্তে শুধু অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রবেশ নিষিদ্ধ রাখা হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নিষিদ্ধ জিনসিগুলোর তালিকা শিগগিরই দেওয়া হবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে ফিলিস্তিন এর সমালোচনা করেছে। ইসরায়েলের এ পদক্ষেপ যথেষ্ট নয় বলে ফিলিস্তিনিরা সমালোচনা করেছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা অবরোধ পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা একথা বলেছেন। তিনি বলেন, এ পদক্ষেপ যথেষ্ট নয়। গাজার জনগণের দুর্দশা লাঘবে আরো জোর চেষ্টা নেওয়া প্রয়োজন।
গাজার হামাস শাসকরাও অবরোধ পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১০ ঘ.
bdnews24