শ্রীনগর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কাশ্মীরে এক মুসলিম তরুণের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে রোববার ভারতীয় সেনাদের গুলিতে ১ বিক্ষোভকারী নিহত ও আরও ৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
শনিবার কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে রফিক বাংরু নামক এক তরুণ নিহতের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এর কয়েকদিন আগে রফিককে আধাসামরিক বাহিনীর সদস্যরা মারধর করে বলে বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
গত ১০ দিনেরও কম সময়ে নিরাপত্তা বাহিনীর হাতে দুই বেসামরিক কাশ্মীরি নিহত হওয়ার প্রতিবাদে রোববার শ' শ কাশ্মীরি রাস্তায় বিক্ষোভ করে। এসময় তারা "রক্তের বদলে রক্ত বয়ে যাবে" বলে শ্লোগান দেয়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা আধা সামরিক বাহিনীর একটি বাঙ্কারে হামলা চালালে জবাবে তারা গুলি চালায়। এতে একজন নিহত হয়।
শ্রীনগরের বাসিন্দা তানভীর আহমেদ টেলিফোনে এএফপিকে বলেন, "গুলির ঘটনার পর আরও অনেক লোক বিক্ষোভে যোগ দেয় এবং তারা পুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫৩০ ঘ.
bdnews24