ওশ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-কিরগিজস্তানে জাতিগত সহিংসতায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষকে মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার ত্রাণের আহ্বান জানিয়েছেন।
কিরগিজস্তানের অর্ন্তবর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা শুক্রবার বলেন, দেশটির দক্ষিণাঞ্চলে কিরগিজ ও উজবেকদের জাতিগত সহিংসতায় সরকারি হিসাবের চেয়ে দশগুন বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে।
সরকারি হিসাবে বলা হয়েছে, সহিংসতায় এ পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছে। তাছাড়া তিনি ওশ শহরে আবারো সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়ে আশঙ্কা ব্যক্ত করেন।
ওতুনবায়েভার এ ঘোষণার একদিন পর শনিবার জাতিসংঘ মহাসচিব সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য সাত কোটি দশ লাখ মার্কিন ডলারের ত্রাণ তৎপরতা চালানোর ঘোষণা দিয়ে ত্রাণ তহবিলে দান করার জন্য দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানান।
প্রতিবেশি দেশ উজবেকিস্তানের জন্যও আলাদা একটি ত্রাণ তহবিল গঠনের ঘোষণা দেবেন বলে জানান তিনি। প্রাণ বাঁচাতে হাজার হাজার উজবেক কিরগিজস্তানের ওশ ও জালালাবাদ শহর এবং এর আশপাশের এলাকা থেকে পালিয়ে গিয়ে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে। এ সব শরণার্থীদের মানবিক সহায়তা দিতে হিমশিম খাচ্ছে উজবেকিস্তান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, "সেখানে পানি, বিদ্যুৎ ও খাবারের অভাব ব্যাপকভাবে দেখা দিয়েছে। লুটতরাজ, সরবরাহের ঘাটতি ও মানুষের চলাচলে বিধিনিষেধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।"
ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো ঠিক মতো কাজ করতে পারছে না বলেও জানান তিনি।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও বেশি মানুষের জন্য তারা কাজ করছে।
এ সব মানুষের মধ্যে তিন লাখ বাস্তুচ্যুৎ হয়েছে এবং এক লাখের বেশি পালিয়ে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে বলে তারা জানায়।
ওদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন কিরগিজস্তানে শান্তি ফিরিয়ে আনতে দেশটির অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে সেখানে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৪০২ ঘ.
bdnews24