২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে শরণার্থীদের জন্য ত্রাণ পৌঁছেছে

কিরগিজস্তানে জাতিগত সহিংসতায় বাস্তুচ্যুত লাখো মানুষের জন্য বৃহস্পতিবার বিদেশি ত্রাণ পৌঁছেছে। কম্বল, ত্রিপোল, রান্নার সরঞ্জাম, সাবানসহ অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে দক্ষিণ কিরগিজস্তানে পৌঁছেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটির বিমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 10:49 AM

Updated : 25 Aug 2022, 12:20 PM

ওশ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--কিরগিজস্তানে জাতিগত সহিংসতায় বাস্তুচ্যুত লাখো মানুষের জন্য বৃহস্পতিবার বিদেশি ত্রাণ পৌঁছেছে। কম্বল, ত্রিপোল, রান্নার সরঞ্জাম, সাবানসহ অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে দক্ষিণ কিরগিজস্তানে পৌঁছেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটির বিমান। এক বিবৃতিতে কিরগিজ পরিস্থিতিকে 'মারাত্মক সংকট' বলে অভিহিত করেছেন কিরগিজস্তানে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) উপ-প্রধান সেভেরিন চাপ্পাজ। কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন পরিসংখ্যানে জানিয়েছে, প্রায় পাঁচদিনব্যাপী চলা সহিংসতায় নিহতের সংখ্যা ১৯১ জনে পৌঁছেছে। পার্শ্ববর্তী উজবেকিস্তান জানিয়েছে, কিরগিজ ও উজবেকদের মধ্যে এ জাতিগত সহিংসতায় বাস্তুহারা প্রায় ৭৫ হাজারেরও বেশি শরণার্থী গ্রহণ করেছে তারা। অন্যদিকে ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, সহিংসতার কারণে কিরগিজস্তানের অভ্যন্তরেই বাস্তুহারা হয়েছে প্রায় ২ লাখ মানুষ। কর্মকর্তারা জানান, উজবেকিস্তানে আশ্রয় নেওয়া কিরগিজ শরণার্থীদের অস্থায়ী আবাসনের তাঁবু নিয়ে বুধবার জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)'র দুটি বিমান উজবেকিস্তানে পৌঁছেছে। এ সপ্তাহের মধ্যে আরও চারটি ত্রাণবাহী বিমান যাওয়ার কথা। একই সময়ে কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে বাস্তুহারাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে অবতরণ করেছে রেড ক্রসের বিমান । আইসিআরসি জানায়, নিরাপত্তাহীনতা ও ভীতির পাশাপাশি খাদ্য, পানি, বাসস্থান এবং ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলোর অভাব কিরগিজস্তান ও উজবেকিস্তানে বাস্তুহারাদের সাহায্য প্রচেষ্টা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিরগিজস্তানের সরকারি হিসাবের চেয়ে নিহতের সংখ্যা অনেক বেশি বলেও আন্তর্জাতিক এ সাহায্য সংস্থাটি জানায়। সংস্থাটির কর্মীদের হিসেব অনুসারে নিহতের সংখ্যা কয়েক শ' হবে। এছাড়া, বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনাও ঘটছে। ওশের কাছে কয়েকজন তরুণী জানিয়েছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২৩ঘ.