ওয়াশিংটন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে দেশটির ওপর বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
এ লক্ষ্যে রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংক, রাষ্ট্রীয় জাহাজ চলাচল কোম্পানি এবং ইরানের বিমান বাহিনী ও রেভ্যুলেশনারি গার্ডের ক্ষেপণাস্ত্র বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
আসছে সপ্তায় ইরানের ওপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হবে বলে সাংবাদিকদের জানান মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনার।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, "সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি ইরানের সহয়তার ব্যাপারে আমরা নজরদারি অব্যাহত রাখবো। ইরানের রেভ্যুলেশনারি গার্ডের ওপরও আমাদের দৃষ্টি থাকবে।"
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গণ বিধ্বংসী অস্ত্র তৈরিতে সহায়তা দেওয়ার জন্য ইরানের 'পোস্ট ব্যাংক' কেও নিষেধাজ্ঞারা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যাংকটির সাথে আন্তর্জাতিক অর্থ সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে ইরানের ১৬টি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপ হল।
মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, পোস্ট ব্যাংক আগে অভ্যন্তরীন লেনদেন করতো। ২০০৭ সালে ব্যাংক সেপাহ'র ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে এর পক্ষে পোস্ট ব্যাংক আন্তর্জাতিক লেনদেন চালানো শুরু করে।
ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইনস (আইআরআইএসএল)-এর ওপর নিষেধাজ্ঞা থাকায় এর অন্তর্ভুক্ত কোম্পানিগুলো নাম পরিবর্তন করে জাহাজ চলাচল অব্যাহত রাখছে। নতুন এ নিষেধাজ্ঞায় পরিবর্তিত নামের কোম্পানিগুলোকেও যুক্ত করা হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ধরনের পাঁচটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে এবং নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ২৭টি জাহাজকে শনাক্ত করেছে। এ ছাড়াও পরিবর্তিত নামের ৭১টি জাহাজের তালিকা করা হয়েছে।
নতুন এই নিষেধাজ্ঞায় রেভ্যুলেশনারি গার্ডসহ ইরানের বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের কর্মকাণ্ড এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০১ঘ.
bdnews24