২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক দূতরা

শ্রীলঙ্কায় তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার কলোম্বো পৌঁছেছেন আন্তর্জাতিক দূতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

কলম্বো, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- শ্রীলঙ্কায় তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার কলোম্বো পৌঁছেছেন আন্তর্জাতিক দূতরা। যুক্তরাষ্ট্র, জাপান ও জাতিসংঘের কর্মকর্তারা মঙ্গলবার কলম্বো পৌঁছানোর সময়টিতেই সরকার আরো দৃঢ়ভাবে এলটিটিই'র সঙ্গে লড়াইয়ের শেষ দিনগুলোতে কোনো যুদ্ধপরাধ করার কথা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের কলম্বো দূতাবাস মঙ্গলবার জানিয়েছে, ২০০৯ সালের মে মাসে তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে শ্রীলঙ্কার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দ্ইু উপদেষ্টাকে পাঠিয়েছেন। বহুপাক্ষিক বিষয় ও মানবাধিকার বিষয়ক বিশেষ মার্কিন সহকারি সামান্থা পাওয়ার এবং যুদ্ধাপরাধ বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের যুদ্ধপরাধ বিষয়ক পরিচালক ডেভিড প্রেসম্যান চার দিনের সফরে শ্রীলঙ্কা গেছেন। দূতাবাস জানায়, গত মাসে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জি.এল পেইরসের বৈঠকের সিধান্ত অনুযায়ী কর্মকর্তারা এ সফর করছেন। তামিল টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার সেনাবহিনীর যুদ্ধাপরাধ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা লিন প্যাসকো এবং জাপানের বিশেষ দূত ইয়াসুশি আকাশির মঙ্গলবারই শ্রীলঙ্কার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। তবে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী গোতাবায়া রাজাপাকসে বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগকারীরা যথাযথ প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে। সিংহলি ভাষার লঙ্কাদ্বীপ সংবাদপত্রকে তিনি বলেন, " আমি তাদের সঙ্গে যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ করছি।" প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আমি যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ার জন্য তাদের কাছে আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমে ছবি বা ভিডিও দিলে তো কিছু হবে না। আমাদের প্রতিষ্ঠিত আইনি ব্যবস্থা রয়েছে। একে কাজে লাগান। লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিআই) গেরিলারা তামিলদের নিজস্ব ভূখণ্ডের জন্য দীর্ঘদিন লড়াই চালিয়েছে। গৃহযুদ্ধ চলাকালীন শ্রীলঙ্কার সেনাবাহিনী প্রধান শরৎ ফনসেকা কোন ধরনের যুদ্ধাপরাধের ঘটনা অস্বীকার করেছেন। তবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠনে রাজি হয়েছেন তিনি । এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করা হলে শ্রীলঙ্কা বারবার এর বিরোধিতা করে আসছে। তবে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় প্রায় সাত হাজার বেসামরিক তামিলকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৬ ঘ.