২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি তদন্ত কমিশনকে স্বাগত জানিয়েছে কানাডা

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনা তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের ব্যাপারে ইসরায়েলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কানাডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 08:09 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

মন্ট্রিল, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফর্পি)- গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনা তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের ব্যাপারে ইসরায়েলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কানাডা। কমিশনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে কানাডা ও আয়ারল্যান্ডের দুই প্রতিনিধি থাকছেন। ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলা চালায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। ওই হামলায় ৯ জন মানবাধিকারকর্মী প্রাণ হারান। তাদের অধিকাংশই তুরস্কের নাগরিক। কানাডার পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যানন এক বিবৃতিতে বলেন, "কয়েক সপ্তাহ আগে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে কী ঘটেছিল তা বের করতে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে ইসরায়েল সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।" তিনি বলেন, "ওই মর্মান্তিক ঘটনা তদন্তে কানাডা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণভাবে সহায়তা করবে।" কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "আমরা গাজা উপত্যকায় মানবিক সাহায্য সরবরাহের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং সেইসঙ্গে হামাস যোদ্ধাদের কাছে যাতে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি না পৌঁছায় সে জন্য গাজা অভিমুখী জাহাজে তল্লাশি চালানোর ইসরায়েলি অধিকারকেও আমরা সম্পূর্ণ সমর্থন করছি।" ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শিগগিরই আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে কানাডা। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান নাকচ করে দিয়ে রোববার ইসরায়েল সুপ্রিম কোর্টের বিচারপতি ইয়কোভ তিরকেলকে প্রধান করে একটি তদন্ত কমিশনের ঘোষণা দেয়। দুই বিদেশি পর্যবেক্ষক হিসেবে কমিশনে নোবেল পুরস্কার বিজয়ী আয়ারল্যান্ডের ডেভিড ট্রিম্বল ও কানাডার সেনাবাহিনীর বিচারপতি কেন ওয়াটকিনের নাম রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এএইচ/১৮১৪ ঘ.