২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে নিহত ১২৪, সীমান্ত বন্ধ করছে উজবেকিস্তান

কিরগিজস্তানে চলমান জাতিগত সহিংতায় নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। মানুষ জীবন বাঁচাতে দলে দলে উজবেকিস্তানে পালিয়ে যেতে থাকায় সোমবার সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে উজবেক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 08:00 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

ওশ, কিরগিজস্তান, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানে চলমান জাতিগত সহিংতায় নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। মানুষ জীবন বাঁচাতে দলে দলে উজবেকিস্তানে পালিয়ে যেতে থাকায় সোমবার সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে উজবেক সরকার। উজবেকিস্তান সোমবার জানিয়েছে, কিরগিজস্তান থেকে পালানো বিপুল সংখ্যক শরণার্থী সামলাতে হিমশিম খাচ্ছে তারা। শরণার্থীর সংখ্যা ইতোমধ্যেই ১ লাখে পৌঁছেছে। উজবেক উপপ্রধানমন্ত্রী আবদুল্লাহ আরিপভ বলেছেন, সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, "আমরা আজ কিরগিজস্তান থেকে আসা শরণার্থীর ঢল বন্ধ করব। কারণ, তাদের স্থানসংকুলান করার সক্ষমতা আমাদের নেই।" তিনি আরো বলেন, "উজবেকিস্তান ৪৫ হাজার প্রাপ্তবয়স্ক কিরগিজ শরণার্থীর নাম নিবন্ধন করেছে। তাদের প্রয়োজন মেটাতে উজবেকিস্তানের আন্তর্জাতিক সাহায্য দরকার। তাদেরকে সাহায্য এবং চিকিৎসা দেওয়ার ক্ষমতা আমাদের থাকলে আমরা অবশ্যই সীমান্ত খুলে দিতাম।" কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, "ওশ ও জালালবাদে বৃহস্পতিবার থেকে কিরগিজ ও উজবেক জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা ১২৪ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮৫ জনে।" ওশ শহরের রাস্তায় রাস্তায় লাশের স্তুপ। সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে। জালালবাদের পরিস্থিতি আরো ভয়াবহ। সেখানে পুরোদমে সহিংসতা চলছে বলে খবর পাওয়া গেছে। কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকারের উপ-প্রধান তেমির সারিয়েভ বিসকেকে বলেছেন, জালালবাদে পরিস্থিতির অবনতি ঘটেছে। সেখানে উজবেকদের বেশ কিছু বাড়িঘরে নতুন করে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। উজবেকরা প্রাণভয়ে দলে দলে উজবেকিস্তানে পালাচ্ছে। শরণার্থীর অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক লোক। ওদিকে, সহিংসতায় ইন্ধন জোগানোয় সোমবার জালালাবাদের এক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কিরগিজ সরকার। সরকার গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তবে তারা ফের অভিযোগ করে বলেছে, সহিংসতার পেছনে সাবেক প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের হাত আছে। এপ্রিলে বাকিয়েভকে উৎখাত করে ক্ষমতায় আসা কিরগিজ অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত সহিংসতা দমনে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এর আগে পুলিশ ও সেনাবাহিনীকে সহিংসতায় জড়িতদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। উপরন্তু রিজার্ভ সেনা মোতায়েন করাসহ রাশিয়ার সামরিক সহায়তা নিয়ে সহিংসতা দমনে সর্বশক্তি নিয়োগ করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/এএইচ/এলকিউ/১৬৩২