বার্লিন, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-জার্মানির অনুরোধে পোল্যান্ড কর্তৃপক্ষ দুবাইয়ের একটি হোটেল কক্ষে হামাস কমান্ডার মাহমুদ আল মাভু হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন এক মোসাদ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। জার্মান আইনজীবীরা শনিবার একথা জানিয়েছে।
জার্মান সরকারি আইনজীবীদের এক মুখপাত্র বলেন, "ওয়্যারশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে অবৈধভাবে জার্মান পাসপোর্ট সংগ্রহের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।"
তিনি বলেন, "তাকে জার্মানীর কাছে হস্তান্তর করা হবে কিনা সে বিষয়টি এখন সম্পূর্ণভাবে পোলিশদের ওপর নির্ভর করছে।"
সোমবার প্রকাশিতব্য জার্মান সাময়িকী ডের স্পেইগেলের একটি প্রতিবেদন অনুযায়ী, উরি ব্রোদস্কি নামের মোসাদের ঐ গুপ্তচরকে জুনের শুরুর দিকে ওয়্যারশ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ব্রোদস্কি হামাস কমান্ডারের ঘাতকদের একজনকে ২০০৯ সালের জুন মাসে একটি জার্মান পাসপোর্ট অবৈধভাবে সংগ্রহ করতে সহায়তা করে বলে সন্দেহ করা হচ্ছে।
এ বছর ২০ জানুয়ারি দুবাই বিমান বন্দরের নিকটবর্তী আল বুস্তান রোতানা হোটেলের একটি কক্ষে মাহমুদ আল মাভুকে মৃত অবস্থায় পাওয়া যায়। মাহমুদ হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতাদের একজন।
দুবাই পুলিশের তথ্যমতে, মাহমুদের হত্যাকারীরা ১২ টি ব্রিটিশ, ৬ টি আইরিশ, ৪ টি ফরাসি, ১টি জার্মান এং ৩ টি অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করে। এসব পাসপোর্টের অধিকাংশই জাল বা অবৈধভাবে সংগৃহীত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১৪৫ ঘ.
bdnews24