২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের লাউডস্পিকার কেন্দ্রগুলোতে সামরিক হামলার হুমকি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণার উদ্দেশ্যে স্থাপিত লাউডস্পিকার কেন্দ্রগুলোতে সর্বাত্মক সামরিক হামলা চালাবে বলে শনিবার দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 05:03 AM

Updated : 25 Aug 2022, 12:05 PM

সিউল, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণার উদ্দেশ্যে স্থাপিত লাউডস্পিকার কেন্দ্রগুলোতে সর্বাত্মক সামরিক হামলা চালাবে বলে শনিবার দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ডুবো জাহাজ থেকে নিক্ষিপ্ত টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডোবার ঘটনার পর সিউল আন্তঃসীমান্ত প্রচারণা চালানোর জন্য বিভিন্ন স্থানে মাইক স্থাপন করেছে। কোরিয়ান পিপলস আর্মির জেনারেল অফ দ্য স্টাফ বলেন, "ডিপিআরকে (উত্তর কোরিয়ার) বিপ্লবী সেনাবাহিনী মানসিকযুদ্ধেরত ওইসব লোকদের উড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সামরিক হামলা চালাবে।" এক বিবৃতিতে আরও বলেন, "তাদের মনে রাখা উচিৎ ডিপিআরকে'র সামরিক প্রতিশোধের হামলা সিউলেও হতে পারে এবং ওই সব ষড়যন্ত্রকারীকে শক্তঘাঁটিকে আগুনের সমুদ্র বানিয়ে দেবে।" দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী ১১ টি স্থানে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুনরায় প্রচারণা চালানোর জন্য লাউডস্পিকার স্থাপন করেছে। ২০০৪ সালে এ স্পিকারগুলো সরিয়ে ফেলা হয়েছিল। মার্চে যুদ্ধ জাহাজ ডুবানোর ঘটনার পরিপ্রেক্ষিতে আবার এ প্রচারণা শুরু করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় 'কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি' তে এ বিবৃতিটি প্রকাশিত হয়েছে। এতে এ মাইকিংকে উত্তর কোরিয়ার মর্যাদা ও স্বার্থে আঘাত হানার প্ররোচনা' বলে আখ্যা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডোবার পর থেকেই কোরীয় উপকূলে অন্থিরতা বিরাজ করছে। ওই জাহাজ ডুবির ঘটনায় দক্ষিণের ৪৬ জন নাবিক প্রাণ হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৫০ঘ.