সিউদাদ জুয়ারেজ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকোর উত্তরাঞ্চলের দুটি শহরে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানায়।
উত্তরাঞ্চলের চিহুহুয়া প্রদেশের রাজধানীতে একটি মাদক নিরাময় কেন্দ্রে ৩০ জনের বেশি বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন চারজন।
পুলিশ জানায়, এ ছাড়া অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী উত্তর পূর্বাঞ্চলের তামাওলিপাস রাজ্যের মাদেরো শহরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
চিহুহুয়ার ঘটনাটি বৃহস্পতিবার মধ্যরাতে ঘটেছে। বন্দুকধারীরা ছয়টি ট্রাকে করে এসে মাদক নিরাময় কেন্দ্রটির দ্বিতীয় তলায় হামলা চালায়। কেন্দ্রের রোগী ও কর্মচারীদের ওপর গুলি চালিয়ে তাৎক্ষণিকভাবে ১৪ জনকে হত্যা করে আরও ৫ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
কেন্দ্রের পাশে বসবাসকারীরা জানান, ১০ মিনিট ধরে বন্দুকধারীরা কেন্দ্রটিতে তাণ্ডব চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতা থেকে বাঁচতে বা প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সদস্যরা আশ্রয় নেওয়ায় মাদক নিরাময় কেন্দ্রে প্রায়ই এ ধরনের হামলা হয়ে থাকে।
পুলিশ জানায়, মাদেরোতে পাঁচটি ভিন্ন ভিন্ন স্থানে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে বন্দুকধারীরা।
কেন্দ্রীয় পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেন, "শহরের বিভিন্ন স্থানে ২০টি লাশ পাওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/০৯৫৪ঘ.
bdnews24