বিশকেক, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। কর্মকর্তারা শুক্রবার একথা জানান।
কিরগিজস্তানের ২য় বৃহত্তম ওজ শহরে কিরগিজ ও উজবেক গ্র"পের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ওজ এবং আশেপাশের জেলাগুলোতে জরুরি অবস্থা বলবৎ থাকবে।
সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি শান্ত রাখতে সশস্ত্র যান, সৈন্য ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। নগরীর রাস্তা ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতেও সেনা মোতায়েন করা হয়েছে।
বিপজ্জনক পরিস্থিতির কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, সংঘর্ষে অংশ নিতে আশেপাশের গ্রামগুলো থেকে লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে ছুটে আসছে।
বেসরকারী সংস্থা গণতন্ত্র ও সুশীল সমাজের একজন সদস্য বাকিট ওমরকুলভ বলেন, "আমি এই মাত্র শহর থেকে এসেছি। সারা রাস্তা জুড়ে যুবকরা লাঠি, বর্ম ও অস্ত্র উচিয়ে মহড়া দিচ্ছে।
তিনি বলেন, এ সহিংসতায় উজবেক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ইলেনা বেইলিনোভা বলেছেন, "ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হওয়া অনেক আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার টেলিভিশন বক্তৃতায় আবেগঘন কন্ঠে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট রোজা ওটানবায়েভা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "আমি কিরজিস্তানিদের বিশেষ করে নারীদের বলছি; প্রিয় বোনেরা, তোমার তোমাদের সন্তান, স্বামী ও ভাইদের বোঝাও। এখন প্রতিশোধ নেওয়া কিংবা রাগ দেখানোর সময় না।"
জাতীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাখমাতিল্লো আখমেদোভ বলেন, "শহরে গোলাগুলি বন্ধ হয়েছে এবং পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে।"
তবে কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় রাজধানী থেকে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে সেখানকার পরিস্থিতির বর্ণনা দেন। তারা জানান, সকালে গোলাগুলি চলছিল এবং হেলিকপ্টারগুলো নিচ দিয়ে উড়ছিল।
নিউইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচের মধ্য এশিয়া বিষয়ক গবেষক আন্ড্রু বার্গ ওজ থেকে টেলিফোনে এএফপিকে জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তিনি তার গেস্ট হাউসে বন্দি হয়ে পড়েছেন, বেরুতে পারছেন না।
তিনি বলেন, "আমি এ শহর ছেড়ে যেতে পারছি না। কোনো বিমান, কার বা অন্য কোনো পরিবহন চলাচল করছে না। এখনও গোলাগুলি চলছে। আপনার সঙ্গে কথা বলার সময়ও গুলির শব্দ শুনতে পেলাম এবং তা খুব বেশি দূরে নয়।"
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণাঞ্চলীয় শহরে কিরগিজ ও উজবেক গ্র"প দুটির মধ্যে বৃহস্পতিবার রাতভর সংঘর্ষ হয়েছে।
এ সময় বন্দুক ও অন্যান্য অস্ত্র নিয়ে একদল মানুষ রাস্তায় নামে। তারা কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশের বিভিন্ন ভবন ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং দোকান ভাংচুর করে।
স্থানীয় অধিবাসী আজামত উসমানভ এএফপিকে বলেন, "লাঠি ও পাথর নিয়ে প্রায় এক হাজার যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় ওজ শহরে জড়ো হয়। তারা দোকান ও ঘরবাড়ির জানালা ভাঙচুর করে, গাড়িতে আগুন লাগিয়ে দেয়। শহরে বিভিন্ন স্থানেও তারা আগুন দেয়।"
অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র আজিমবেক বেকনাজারোভ জাতীয় বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, স্পষ্টভাবে সংঘর্ষটি বেধেছে দুটি গ্র"পের মধ্যে এবং তা যথেষ্ট সংগঠিত।
সরকারের মুখপাত্র পরিদ নিয়াজোভ এএফপিকে বলেন, শৃঙ্খলা রক্ষার জন্য ওজ এ সাঁজোয়া যান পাঠিয়েছে কর্তৃপক্ষ।
সরকারের মুখপাত্র জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বোলোত চের ও প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল ইসসাকোভ ওশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এদিকে পুলিশের এক মুখপাত্র জানান, শৃঙ্খলা রক্ষায় পুলিশের বেশ কিছু ইউনিট পাঠানো হয়েছে সেখানে।
গত এপ্রিল মাসে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ৮৭ জন মারা যায় এবং প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে ক্ষমতাচ্যুত হন। এরপরই বিদেশি ও আন্তর্জাতিক নেতারা দেশটিতে গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.
bdnews24