২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালিলিওর হারানো দাঁত ও আঙুলের প্রদর্শনী

জগৎবিখ্যাত ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিওর একটি দাঁত, বুড়ো আঙুলসহ আরেকটি আঙ্গুলের প্রদর্শনী হতে যাচ্ছে ফ্লোরেন্স শহরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ফ্লোরেন্স, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জগৎবিখ্যাত ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিওর একটি দাঁত, বুড়ো আঙুলসহ আরেকটি আঙ্গুলের প্রদর্শনী হতে যাচ্ছে ফ্লোরেন্স শহরে। চলতি সপ্তাহেই এ প্রদর্শনী হবে। গত বছর এক শিল্প সংগ্রাহক হঠাৎ করেই গ্যালিলিওর এসব অঙ্গ-প্রত্যঙ্গ খুঁজে পান। গ্যালিলিও ১৬৪২ খ্রিস্টাব্দে মারা গেছেন। তার মৃত্যুর ৯৫ বছর পর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় একদল বিজ্ঞানী ও ইতিহাসবেত্তা তার মৃতদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেন। এর মধ্যে রয়েছে তার আঙুল ও শিরদাঁড়া। ফ্লোরেন্সের গ্যালিলিও যাদুঘরের পরিচালক পাওলো গাল্লুজ্জি এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীরা ভেবেছিল তাদের কাছে গ্যালিলিওর দেহের কিছু স্মারক থাকা উচিত। এর মাধ্যমে তার ঐতিহ্যকে সম্মান জানানো হবে বলেই ভেবেছিল তারা। গ্যালিলিওর অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে প্রদর্শনীতে স্থান পাচ্ছে তার নকশা করা দুটি টেলিস্কোপ, একটি কম্পাস ও অন্যান্য যন্ত্রাংশ। ১৭৩৭ সাল থেকে ফ্লোরেন্স ও পাদুয়ায় সংরক্ষিত আছে গ্যালিলিওর একটি আঙ্গুল ও শিরদাঁড়া। তবে বুড়ো আঙুল ও অন্য একটি আঙুলসহ একটি দাঁত ১৯০৫ সালে হারিয়ে যাওয়ার পর বিভিন্ন হাত ঘুরে শেষ পর্যন্ত ফ্লোরেন্সের নামকরা শিল্প সংগ্রাহক আলবার্তো ব্র"শির হাতে এসে পড়ে। গত অক্টোবরে নিজের অজান্তেই এক নিলামে কেনা কিছু ধর্মীয় স্মারকের সঙ্গে এসব অঙ্গ-প্রত্যঙ্গ পেয়ে যান ব্র"শি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২২ ঘ.