২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণবহরে হামলা তদন্তের তোড়জোড় চলছে ইসরায়েলে

গাজা অভিমুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলি কমান্ডো অভিযানের অভ্যন্তরীণ তদন্ত শুরুর তোড়জোড় চলছে ইসরায়েলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

জেরুজালেম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-গাজা অভিমুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলি কমান্ডো অভিযানের অভ্যন্তরীণ তদন্ত শুরুর তোড়জোড় চলছে ইসরায়েলে। নিজেদের সীমিত আকারের এ তদন্তের বৈধতা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন খুঁজছে ইসরায়েল। প্রস্তাবিত তদন্ত কমিটি গঠন নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন ইসরায়েলি সাত ঊর্ধ্বতন মন্ত্রিদের ফোরাম। যদিও ৩১ মে'র ওই ন্যক্কারজনক ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় থাকা মাভি মারমারা নামের ত্রাণবাহী জাহাজে অভিযান চালিয়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা ৯ জন তুর্কি ত্রাণকর্মীকে হত্যা করে। সংবাদ মাধ্যম জানিয়েছে, মন্ত্রীরা তাদের সিদ্ধান্ত মার্কিন প্রশাসনকে জানাবে। অভিযান ও গাজা উপত্যকায় অমানবিক অবরোধ নিয়ে বৈরী সমালোচনার হাত থেকে বাঁচতে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন জরুরি হয়ে পড়েছে । বহুল প্রচারিত দৈনিক ইয়েদিওত আহারোনত জানায়, ওয়াশিংটনকে বোঝাতে হলে মন্ত্রীদের বিভিন্ন আঙ্গিকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ তাদের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিরপেক্ষ তদন্ত আহ্বানের আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। মঙ্গলবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, "আমরা বুঝতে পারছি সবার বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এ ঘটনায় আন্তর্জাতিক তদন্ত হওয়ার আবশ্যকতা রয়েছে।" "এ ব্যাপারে যা সবচেয়ে ভালো হয়, সেটি নিয়ে ইসরায়েলি ও অন্যান্যদের সঙ্গে আমরা আলোচনা করছি।" তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি বিচারকদের প্যানেলের সঙ্গে দু'জন পর্যবেক্ষক থাকবে তদন্ত কমিটিতে। যার একজন যুক্তরাষ্ট্রের, অন্যজন ইউরোপের বলে সংবাদ মাধ্যম জানায়। হারেজ নামের দৈনিক জানায়, তদন্ত কমিটির ক্ষমতা সীমিত। তদন্তে তারা কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না এবং তাদের সুপারিশমালাতেও কোনো বাধ্যবাধকতা থাকবে না। প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক স্পষ্ট করেই বলেছেন যে, ছয়টি জাহাজের ত্রাণবহরে কমান্ডো অভিযানে জড়িত বিশেষ বাহিনীকে জেরা করা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৩৩ ঘ.