সিস্কেল, ইংল্যান্ড, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইংল্যান্ডে বুধবার গুলিতে ১২ জন নিহতের ঘটনার নায়ক ডেরিক বার্ড গুলি চালানোর কয়েক ঘণ্টা আগেই হত্যাকাণ্ডের ঘোষণা দিয়েছিলেন। বৃস্পতিবার কয়েকটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বুধবার ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট এলাকায় গাড়ি চালানোর সময় ডেরিক গুলি করে ১১ জনকে আহত করে। এদের তিনজনের অবস্থা গুরুতর।
ট্যাক্সি চালকদের সঙ্গে বিতর্ক এবং পারিবারিক বিরোধের জেরেও ডেরিক এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। কারণ, ডেরিকের হাতে নিহতদের অন্ততপক্ষে ১ জন ট্যাক্সিচালক এবং তিনি তার যমজ ভাইকেও খুন করেছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
ট্যাক্সিচালকদের সঙ্গে বিতর্কের আগের রাতেই ডেরিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন এমন কথাই বলা হয়েছে প্রতিবেদনে।
ডেরিকের এক সহকর্মীর উদ্ধৃতি দিয়ে দ্য সান পত্রিকা জানায়, "বিতর্ক শেষে ডেরিক সবার সঙ্গে করমর্দন করে বলে আগামীকাল হত্যাকাণ্ড ঘটবে।"
পত্রিকাটি ডেরিকের দীর্ঘদিনের এক বন্ধুর বরাত দিয়ে জানায়, মঙ্গলবার দিনের শেষভাগে তার সঙ্গে কথা বলার সময় ঘাতক বলে, 'আমি তোমাকে আর দেখতে পাব না।'
বুধবার ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে ডেরিক বার্ড গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর তিনি আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, ৫২ বছর বয়সী ডেরিক বার্ড স্থানীয় সময় সকাল ৫ টা ৩৫ মিনিটে উপকূলীয় হোয়াইট হ্যাভেন শহরে প্রথম গুলি চালান। এরপর ওই এলাকার অন্যান্য শহরে গুলির ঘটনা ঘটে। ডেরিক তার গাড়ির জানালার ফাঁক দিয়ে পথচারীদের ওপর গুলি চালান। তাকে সর্বশেষ সেনিক লেক জেলার দিকে যেতে দেখা যায়।
সহিংসতার ঘটনা জানাজানি হওয়ার পর কাম্ব্রিয়া বিভাগের হোয়াইটহ্যাভেন, সিস্কেল ও কোনিস্টোন জেলায় শ্রমিক, পর্যটক ও সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়।
ডেরিক বার্ডকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর অভিযান চালায়।
বুট গ্রামের কাছে একটি বনের মধ্যে পাওয়া একটি মৃতদেহ ডেরিকের বলে নিশ্চিত হয় পুলিশ। সেখান থেকে ঘাতকের শটগান ও দশমিক২২ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানায় তারা।
প্রতিবেশিদের চোখে নিরীহ বলে পরিচিত ডেরিক কি কারণে এ হত্যকাণ্ড চালিয়েছে তা জানতে বৃহস্পতিবার কমপক্ষে একশ' পুলিশ কাজ করছে।
বুধবার হোয়াইট হ্যাভেন পুলিশের উপপ্রধান স্টুয়ার্ট হাইড বলেন, "কি কারণ ডেরিককের মতো একজন নিরীহ ব্যক্তি এ নির্মম হত্যাকাণ্ড ঘটালো তা আমরা এ মুহূর্তে বুঝতে পারছি না।"
তিনি, "এ দিনটি আমাদের এলাকার ইতিহাসে সবচেয়ে কালো দিন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৪১ ঘ.
bdnews24