আমাটিটল্যান, গুয়াতেমালা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগাথা ঝড় ও বৃষ্টিপাতের ফলে সোমবার মধ্য আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে।
সরকারি হিসেব মতে, গুয়াতেমালায় কমপক্ষে ১২৩ জন নিহত ও ৫৯ জন নিখোঁজ রয়েছে। এছাড়া এল সালভাদরে ৯ জন ও হন্ডুরাসে ১৪জন মারা গেছে।
শনিবার গুয়াতেমালায় এ ঝড় আঘাত হানে। এতে করে দেশটির পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা এবং পার্শ্ববর্তী এল সালভাদরে বৃষ্টিপাত শুরু হয়।
ঝড় ও বৃষ্টির ফলে বিধ্বস্ত ঘড়বাড়ির মধ্য থেকে মানুষ তাদের আত্মীয় স্বজনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এদিকে জনগণকে তাদের বিধ্বস্ত ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে উদ্ধারকর্মীরা।
আমাটিটল্যানে এক বাড়িতে আটকে পড়া কারলোটা রামোস বলেন, "কেউ আমাকে সাহায্য করতে আসেনি। আমি দেখেছি, পানিতে সব ভেসে যাচ্ছে।"
সোমবার সকাল থেকেই উদ্ধারকর্মীরা আহতদের খুঁজে বের করতে বিধ্বস্ত ঘর বাড়ির ওপর থেকে পাথর ও গাছপালা সরানোর কাজ শুরু করেছে। বিধ্বস্ত ঘরবাড়ি থেকে ৯৪ হাজারেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে এক টানা কাজ করছেন দমকলবাহিনীর কর্মী মারিয়ো ক্রুজ। তিনি বলেন, "আমাদের কাছে শুধু কোদাল রয়েছে। খনন কাজের জন্য কোনো ধরনের যন্ত্রপাতি আমাদের নেই।"
অন্যান্য উদ্ধারকর্মীদের ঝড়ে বিধ্বস্ত গ্রামে পৌঁছে আটকে পড়াদের উদ্ধার করতে কর্দমাক্ত রাস্তায় কয়েক ঘণ্টা হাঁটতে হয়েছে।
দমকলবাহিনীর অপরকর্মী রনি ভেলিজ বলেন, "পাহাড়ি পথে যন্ত্রপাতি নিয়ে আমাদের হাঁটতে হয়েছে। এরপর আটকে পড়াদের উদ্ধার করে আবারো হেঁটে ফিরতে হয়েছে। এটা খুবই কঠিন কাজ।"
গুয়াতেমালার উপকূলীয় এলাকায় হেলিকপ্টারে করে তাঁবু ও ওষুধপত্র পৌঁছে দেওয়া হয়েছে। আর সোমবারই প্রথম বৈদেশিক সাহায্য এসেছে।
প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং ত্রাণ কাজে সহায়তা করতে হেলিকপ্টার ভাড়া করার জন্য মার্কিন সরকার ১ লাখ ১৩ হাজার ডলার সহায়তা দিয়েছে।
এদিকে অব্যাহত বৃষ্টির ফলে গুয়াতেমালা ও এল সালভাদর দেশ দুটির কফি শস্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কফি চাষীরা জানান, আগাথার কারণে বেশ কিছু কফি গাছ ক্ষতিকর ফাঙ্গাস আক্রমণের ঝুঁকিতে পড়েছে। তবে ভূমিধস ও সেতু বিধ্বস্ত হওয়ায় ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাচ্ছেনা।
গুয়াতেমালার ১২০টি ফার্ম নিয়ে গঠিত এক গ্র"পের কমার্শিয়াল ম্যানেজার জেরারডো দো লিওন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, "ঝড়ের সময় ও পরে যে আর্দ্রতা থাকে তা গাছে ফাঙ্গাসের সৃষ্টি করে। এটাই হলো সমস্যা।"
এদিকে পাছায়া আগ্নেয়গিরি থেকে উদগীরিত ছাইয়ের কারণে নর্দমা বন্ধ হয়ে যাওয়ায় ঝড়ের কারণে হওয়া আকস্মিক বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে গুয়াতেমালার কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন।
বৃহস্পতিবার গুয়াতেমালা শহরে আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলেও ত্রাণ সামগ্রী বহনের জন্য পর তা খুলে দেওয়া হয়। আর মঙ্গলবার বিকেল থেকে নিয়মিত ফ্লাইট চলাচলের জন্য তা আবারো খুলে দেওয়া হবে বলে কর্মকর্তারা আশা করছেন।
পাহাড়ি এলাকা হওয়ায় মধ্য আমেরিকা হলো বৃষ্টিপ্রবণ এলাকা। গত বছরের নভেম্বর মাসে হারিকেন ইডার কারণে হওয়া বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫০ জন মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এফএফ/সিআর/১২৪৪ঘ.
bdnews24