২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে এবার হাসপাতালে হামলা, অন্তত ৫ জন নিহত

পাকিস্তানের লাহোরে মসজিদের পর এবার হাসপাতালে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 03:04 AM

Updated : 25 Aug 2022, 11:32 AM

লাহোর, পাকিস্তান, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের লাহোরে মসজিদের পর এবার হাসপাতালে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। মঙ্গলবার সকালে জিন্নাহ হাসপাতালে চালানো এ হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন একজন চিকিৎসক। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, এতে পাঁচজন মারা গেছেন। এর আগে গত শুক্রবার লাহোরের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৮০ জনেরও বেশি নিহত হন। ওই হামলায় আহতদের অনেকে এই হাসপাতালে চিকিৎসাধীন। পাঞ্জাবের পুলিশপ্রধান তারিক সালিম ডোগার জানান, শুক্রবারের হামলাকারীদের একজন জিন্নাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাকে উদ্ধার বা হত্যা করতেই এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের প্রধান নির্বাহী জাভেদ ইকরাম বলেন, "বন্দুকধারীরা হাসপাতালের ভবনে ঢুকেই কয়েকজনকে জিম্মি করে গুলি চালাতে চালাতে এগোতে থাকে।" তিনি জানান, এতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। শহরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সাজ্জাদ ভুট্টো রয়টার্সকে বলেন, এলিট পুলিশের পোশাকে চারজন হাসপাতালে ঢুকেই গুলি করতে করতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পুলিশের গুলিতে হামলাকারীদের একজন আহত হয়। তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, একজন নারী ও একজন বেসরকারি নিরাপত্তা প্রহরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/০৮৫৯ঘ.