ইসলামাবাদ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের লাহোর হাইকোর্ট সোমবার ফেইসবুকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
তবে এর কোথাও ইসলাম বিরোধী কোন কিছু থাকলে সেগুলো বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।
ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যাঙ্গাত্মক ছবি আঁকার একটি প্রতিযোগিতার ঘোষণা হওয়ার পর গত ১৯ মে সাইটটি বন্ধের আদেশ দেয় এই আদালত।
আইনজীবি আজহার সিদ্দিকী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইসলাম বিরোধী কোনকিছু ফেইসবুকে পাকিস্তানে পাওয়া যাবে না-এই মর্মে পাকিস্তান সরকার আশ্বাস দেওয়ার পর লাহোর হাইকোর্ট সোমবার এই সামাজিক সাইটটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
ইসলামি আইনজীবি ফোরামের প্রতিনিধি আজহার সিদ্দিকী ফেইসবুকের ওপর এই নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছিলেন।
তিনি জানান, ফেইসবুকের তরফ থেকে পাকিস্তান সরকার আদালতে নিশ্চয়তা দেন যে, এতে ইসলাম বিরোধী কোন কিছু পাকিস্তানে দেখা যাবে না।
তিনি আরও জানান, পাকিস্তানে আবারও যদি এই ওয়েবসাইটে ইসলামবিরোধী কিছু চোখে পড়ে তাহলে আদালত অবমাননার মামলা করার জন্য তাকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট।
আদলত নিষেধাজ্ঞা তুলে নিলেও সোমবার দুপুর পর্যন্ত ইসলামাবাদে ফেইসবুকে ঢুকতে পারেনি এর ব্যবহারকারীরা। তবে সন্ধ্যা নাগাদ এটা উন্মুক্ত হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান কর্তৃপ ইসলাম বিরোধী ছবি থাকার কারণে ভিডিও নেটওয়ার্ক সাইট ইউটিউবও বন্ধ করে দিয়েছিলো। তবে গত সপ্তাহে এটি আংশিক খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, পাকিস্তানে অনেকেই মনে করেন ফেইসবুক বন্ধ করে দেওয়া উচিত। আবার কেউ কেউ মনে করেন পুরো ওয়েবসাইটটি নয়, এর কিছু নির্দিষ্ট পাতা ও ভিডিও বন্ধ করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/কেএমএস/১৫৩৪ ঘ.
bdnews24