কাঠমান্ডু, মে ২৯, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপাল তার সংবিধান সভার মেয়াদ আরো এক বছর বাড়াতে সম্মত হয়েছে।
শুক্রবার একটি বিশেষ অধিবেশনের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে দেশটিতে দশকব্যাপী গৃহযুদ্ধের পর শান্তি ফিরে আসবে বলে আশা করছে সবাই।
একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য নেপালে ২০০৮ সালে সংবিধান সভা নির্বাচিত হয়। এটি মাওবাদী বিদ্রোহীদের একটি প্রধান দাবি ছিল। এক শান্তিচুক্তির মাধ্যমে ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহীরা রাজনৈতিক পথে ফিরে আসে।
কিন্তু সংবিধান সভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত অধিবেশন চলে এবং আরো একবছর সময় বাড়ানো হয়।
মাওবাদী ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস আর দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময়ে সংবিধান সভা নয়া সংবিধান প্রণয়নে ব্যর্থ হয়।
শুক্রবারের অধিবেশনের শেষ মুহূর্তে মাওবাদীরা সরকার কর্তৃক প্রস্তাবিত সংবিধান সভার মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেয়। তবে এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলকে মাওবাদীদের দাবি মেনে নিতে হয়েছে।
মাওবাদীদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী মাধব কুমারকে পদত্যাগ করতে হবে।
নেপাল বর্তমানে অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে।
দুইবছর আগে নেপাল ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করে।
নেপালের পার্লামেন্টের ৬০১ আসনের ৪০ শতাংশই মাওবাদীদের দখলে। নয়া সংবিধান প্রণয়নের বিষয়টি নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে মাওবাদীরা সরকারের সর্বোচ্চ পদে যেতে চাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০৯ঘ.
bdnews24