নিউ অরলিনস, লুইজিয়ানা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণস্থল থেকে তেল নিঃসরণ বন্ধ করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। তবে এখনই চূড়ান্ত সফলতা দাবি করা যাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
প্রায় পাঁচ সপ্তাহব্যাপী চলা বিপর্যয়ের পর অবশেষে বিপি তেল নিঃসরণ বন্ধে সফলতা পেলেও এখনই চূড়ান্ত সফলতা- দাবি করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপকূলরক্ষী থাড অ্যালেন।
তিনি বলেন, "তারা কূপের মুখ বন্ধ করতে সক্ষম হয়েছে। কিন্তু সবাই আশাবাদী হলেও সংশয় কাটেনি। এখনই জয় ঘোষণার কোনো কারণ নেই। এ ব্যাপারটি আমাদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।"
স্থানীয় বেতারে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সারারাত কাজ করার পর বিপি কিছুটা সফলতা পেয়েছে। কিন্তু এটি কতটা কার্যকর হয়েছে তাই এখন দেখার বিষয়।"
ব্রিটিশ পেট্রোলিয়ামের টপ কিল প্রক্রিয়ায় ছিদ্রমুখে ছিপি লাগিয়ে তেল বন্ধের চেষ্টায় কাজ হচ্ছে বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা এপি একথা জানিয়েছে।
বুধবার পরিকল্পনা মতো গভীর সমুদ্রের তলদেশে ওই ছিপি লাগানোর অভিযান শুরু হয়।
এ কাজে সাগর তলের রোবটরা সাহায্য করছে। প্রায় এক মাইল দীর্ঘ তেলকূপে ভারী তরল ও সিমেন্ট পুরে ফুটো বন্ধের চেষ্টা করা হচ্ছে। অভিযান পর্যবেক্ষণ করতে এ সময় হিউস্টনে উপস্থিত ছিলেন বিপির প্রধান নির্বাহী টনি হাওয়ার্ড ও মার্কিন জ্বালানি মন্ত্রী স্টিফেন চু।
গত মাসে এক দুর্ঘটনায় মেক্সিকো উপসাগরের এ তেলকূপে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে সৃষ্ট ফুটো দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রের পানিতে। ফলে লুইজিয়ানাসহ যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে মারাত্মক অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24