সিউল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার জলসীমা লঙ্ঘনকারী দক্ষিণের জাহাজে তাৎক্ষণিক হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুর্ঘটনাজনিত নৌ-সংঘর্ষ প্রতিরোধে উত্তর কোরিয়া সামরিক প্রতিরক্ষা চুক্তি করেছিল।
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ কেসিএনএ বার্তা সংস্থায় এক নোটিশে বলেছেন, "উত্তর-দক্ষিণ সহযোগিতা বিনিময় সম্পর্কিত সামরিক রক্ষাকবচ আমরা পুরোপুরি প্রত্যাহার করব।"
একইসঙ্গে সেনাবাহিনী হুঁশিয়ার করে দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়ার জাহাজ দুই দেশের সীমান্ত সংলগ্ন বিতর্কিত জলসীমা অতিক্রম করলে উত্তর কোরিয়া তাৎক্ষণিক হামলা চালাবে। কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায়।
ওদিকে, উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলা ঠেকাতে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সাবমেরিন প্রতিহত করার মহড়া শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনানকে উত্তর কোরিয়া টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে- যুক্তরাষ্ট্র ও সুইডেনের বিশেষজ্ঞসহ একদল তদন্তকারীর প্রতিবেদনে এটি প্রমাণিত হলে, এ মহড়া শুরু করা হয়।
উত্তর কোরিয়া এ মহড়ারই আরো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল বলে মনে করা হচ্ছে।
সিউল কোনো ধরনের অপপ্রচার চালালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সর্বশেষ যে সড়ক সংযোগ রয়েছে তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তাছাড়া এ সপ্তাহে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেসব বিষয়ে সিউল আরো অগ্রসর হলে তাদের সঙ্গে যুদ্ধের হুমকিও দিয়েছে পিয়ংইয়ং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০০৮ ঘ.
bdnews24