হিউস্টন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ২৪ ঘণ্টার মধ্যেই জানা যাবে মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপের ফুটো দিয়ে তেল নিঃসরণ বন্ধে ছিপি কাজ করছে কি-না।
ব্রিটিশ তেল কোম্পানি বিপি'র প্রধান নির্বাহী টনি হাওয়ার্ড এ কথা জানিয়েছেন।
বুধবার পরিকল্পনা মতো গভীর সমুদ্রের তলদেশে ওই ছিপি লাগানোর অভিযান শুরু হয়।
এ কাজে সাগর তলের রোবটরা সাহায্য করছে। প্রায় এক মাইল দীর্ঘ তেলকূপে ভারী তরল ও সিমেন্ট পুরে ফুটো বন্ধের চেষ্টা করা হচ্ছে। অভিযান পর্যবেক্ষণ করতে এ সময় হিউস্টনে উপস্থিত ছিলেন বিপির প্রধান নির্বাহী টনি হাওয়ার্ড ও মার্কিন জ্বালানি মন্ত্রী স্টিফেন চু।
টপ কিল কৌশল প্রয়োগ করে এ অপারেশন শুরুর চার ঘণ্টা পর হাওয়ার্ড সাংবাদিকদের বলেন, "আমাদের পরিকল্পনা অনুযায়ীই অভিযান শুরু হয়েছে। আমরা সফল না বিফল সেটা বলার জন্য আরও ২৪ ঘণ্টা সময় লাগবে।"
গত মাসে এক দুর্ঘটনায় মেক্সিকো উপসাগরের এ তেলকূপে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে সৃষ্ট ফুটো দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রের পানিতে। ফলে লুইজিয়ানাসহ যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে মারাত্মক অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৫১২ঘ.
bdnews24