ভিয়েনা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান সোমবার জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'কে কিছুপরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড় দেওয়ার চুক্তির রূপরেখা দিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরান।
গত সপ্তাহে তুরস্ক ও ব্রাজিলের মধ্যস্থতায় ইরান পরমাণু চুল্লির জ্বালানির জন্য কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিনিময় চুক্তিতে পৌঁছেছে। আইএইএকে এ চুক্তিরই রূপরেখা দিয়েছে ইরান।
পশ্চিমা বিশ্ব ইরানের এ চুক্তিকে ছয়মাস আগে করা জ্বালানি চুক্তির প্রতিফলন হিসাবেই দেখছে।
ইরানের এক কূটনীতিক সোমবার রয়টার্সকে জানান, ভিয়েনায় আইএইএ'র প্রধান ইউকিয়া আমানোর সঙ্গে ৪৫ মিনিটের এক বৈঠক শেষে ইরানের পরমাণু প্রকল্পের প্রধান আলী আকবর সালেহি চুক্তির রূপরেখা সম্বলিত একটি চিঠি দিয়েছেন।
এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরানের আল আলম রাষ্ট্রীয় টেলিভিশন সালেহির বরাত দিয়ে জানিয়েছে, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উত্তেজনা কমাতে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স বলেছে, "এ চিঠি পরমাণু জ্বালানি বিনিময় চুক্তি নিয়ে আরো সমঝোতা আলোচনার সূচনা করবে।"
চিঠিতে আরো বলা হয়েছে, "আমরা প্রত্যাশা করছি যে, চিঠির বিষয়বস্তু সম্পর্কে সংস্থাটি ভিয়েনা গ্র"পকে জানাবে এবং আমরা এ ব্যাপারে ভিয়েনা গ্র"পের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।"
ভিয়েনা গ্র"পে রয়েছে ইরান, রাশিয়া, ফ্রান্স, এবং যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে এ গ্র"পের সঙ্গেই ইরানের প্রথম জ্বালানি বিনিময় চুক্তি হয়েছিল।
সে সময় ইরান জ্বালানির বিনিময়ে ১২০০ কেজি কম সমৃদ্ধ ইউরেনিয়াম 'এলইইউ' বিদেশে পাঠাতে রাজি হয়েছিল।
চুক্তিতে ইরানের এলইইউ প্রক্রিয়াজাত করার জন্য রাশিয়া এবং ফ্রান্সে পাঠানোর কথা ছিল। আর এর বিনিময়ে ইরানকে জ্বালানি দেওয়ার কথা ছিল প্রায় ১ বছর পরে।
কিন্তু এবার তুরস্ক ও ব্রাজিলের মধ্যস্থতায় করা চুক্তি অনুযায়ী, আইএইএ'র তত্ত্বাবধানে ইরানের এলইইউ তৃতীয় একটি দেশ তুরস্কে রাখা হবে। ইরান জ্বালানি না পাওয়া পর্যন্ত এলইইউ সেখানেই থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১০৭ ঘ.
bdnews24