২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে আছেন ৮ জন

ভারতের ম্যাঙ্গালোরের বিমান দুর্ঘটনায় বেঁচে গেছেন আটজন যাত্রী। সর্বশেষ খবরে ১৫৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 03:11 AM

Updated : 25 Aug 2022, 10:52 AM

নয়া দিল্লি, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এনডিটিভি)- ভারতের ম্যাঙ্গালোরের বিমান দুর্ঘটনায় বেঁচে গেছেন আটজন যাত্রী। সর্বশেষ খবরে ১৫৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে, প্রচণ্ড ধোঁয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে বিধ্বস্ত বিমান উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। অন্যদিকে, এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিহতের পরিবার প্রতি ২ লাখ ও আহতের পরিবার প্রতি ৫০ হাজার রূপি দেওয়া হবে। এয়ার ইন্ডিয়ার পরিচালক অনুপ শ্রীবাস্তব জানিয়েছেন, যাত্রী ও ক্রুসহ বিমানে ১৬৬ জন ছিলেন। তাদের মাঝে মাত্র ৮ জন বেঁচে আছেন। বিমানের সব যাত্রী ভারতীয় বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়ার দুবাই শাখার কর্মকর্তারা। শনিবার সকালে দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ১৬০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও ৫-৬ জন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে ইতোপূর্বে কর্মকর্তারা জানিয়েছিলেন। বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিতে ১৬৬ জন যাত্রী ছিলেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস যেদিরাপ্পা বলেন, "সবাই বেঁচে নেই।" এক দশকের মধ্যে এটাই ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। কর্মকর্তারা জানান, বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে দেয়াল ভেঙ্গে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে যায় এবং এর পরপরই তাতে আগুন ধরে যায়। বিমানটি দুবাই থেকে ম্যাঙ্গালোরে ফিরছিলো। এর আগে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ভি এস আচার্য সাংবাদিকদের বলেন, "দুর্ঘটনায় অন্তত ১৬০ আরোহী নিহত হয়েছেন।" তিনি আরো বলেন, "অন্তত পাঁচ থেকে ছয় জনকে মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বর্তমান অবস্থা কী তা এখনো জানা যায়নি।" ভিএস আচার্য জানান, বিমানটি ম্যাঙ্গালোর বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার দূরে একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। অপর এক কর্মকর্তাও ১৬০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ইতোমধ্যেই ২৫টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সকাল ৬ টা ৩০ মিনিটের সময় বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যায় বলে জানিয়েছে বিমানবন্দর কর্মকর্তারা। এমন কী দুর্ঘটনার আগে কোনো যান্ত্রিক ত্র"টির কথা জানায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রোহিত খাতিয়ার রয়টার্সকে বলেন, "বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়। খবর পেয়েছি, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।" ম্যাঙ্গালোরের ডেপুটি পুলিশ কমিশনার আর রমেশ জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি। তিনি বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/১১৪২ ঘ.