জাতিসংঘ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র।
পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করতে রাজি না হওয়ায় খসড়া এ চুক্তিতে ইরানের ব্যাংকিং ও অন্যান্য শিল্পখাতে অবরোধ আরোপের পরিকল্পনা করা হয়েছে।
কয়েক মাস ধরে আলোচনার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া এ চুক্তিতে সম্মত হয়। ১০ পৃষ্ঠার খসড়া চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সন্দেহজনক মালামাল পরিবহনে নিয়োজিত যানবাহনগুলোর ওপর আন্তর্জাতিক তত্ত্বাবধানেরও আহ্বান জানানো হয়েছে।
পশ্চিমা কূটনীতিকরা জানান, জাতিসংঘ ও ইউরোপীয় তিনটি সহযোগী দেশের মধ্যে বেশ কিছু সমঝোতার ভিত্তিতে করা খসড়া চুক্তিতে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো জোরদার করা হয়েছে। রাশিয়া ও চীন অবশ্য চেয়েছিল চুক্তিটি সহজ করতে।
খসড়া এ চুক্তিতে কিছু নতুন বিষয়ে প্রস্তাব করা হয়েছে। কিন্তু পশ্চিমা দেশের প্রতিনিধিরা জানান, তারা যেমনটা আশা করেছিলেন তেমনটাই হয়েছে।
পারমাণবিক বোমা তৈরির জন্য ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করে তারা জানায়, শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন করার মধ্যেই তাদের এ কর্মসূচি সীমাবদ্ধ রয়েছে।
খসড়া চুক্তিতে বিদেশে ইরানের কোনো ব্যাংকের নতুন শাখা বা কোনো অফিস খুলতে নিষেধাজ্ঞা আরোপের জন্য পদক্ষেপ গ্রহণে বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যাতে সাহায্য করতে না পারে সেজন্য খসড়া চুক্তিতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের লেনদেনের ওপর নজর রাখার জন্যও বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরো বিভিন্ন ধরনের ভারি অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বিদ্যমান অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে খসড়া চুক্তিতে।
অবশ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তেহরানে সব ধরনের অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ইরানের কেন্দ্রীয় ব্যাংককে কালো তালিকাভুক্ত করতে চায়। কিন্তু রাশিয়া ও চীন এ বিষয়ে বিরোধিতা করছে।
ব্রিটিশ প্রতিনিধি মার্ক লিয়াল গ্রান্ট বলেন, খসড়া এ নিষেধাজ্ঞার অন্যতম একটি লক্ষ্য হলো ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন কঠিন করে তোলা।
মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের যে দাবি যুক্তরাষ্ট্র জানিয়ে আসছে নতুন এ নিষেধাজ্ঞার ফলে ইরানের জন্য তা প্রত্যাখ্যান করা আরো কঠিন হয়ে পড়বে।
তবে তিনি আরো বলেন, সংলাপের মাধ্যমে ইরান এ সমস্যার সমাধান করতে চাইলে সে পথ এখনও খোলা রয়েছে।
চীনের প্রতিনিধি লি বাওডং সাংবাদিকদের জানান, বেইজিং যথাযোগ্য একটি চুক্তি করতে চায় এবং চীন চায় না যে তেহরানের সঙ্গে যে বাণিজ্য চুক্তি রয়েছে তা ক্ষতিগ্রস্ত হোক।
তিনি বলেন, "এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসা। নিরীহ জনগণকে শাস্তি দেওয়ার জন্য এ চুক্তি হচ্ছে না এবং এটি সাধারণ ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি করবে না।"
আগামী মাসের শুরুতে খসড়া এ চুক্তিতে ভোট দেওয়া হবে বলে পশ্চিমা দেশের বেশ কয়েকজন প্রতিনিধি আশা করছেন।
ব্রাজিল ও তুরস্কের সঙ্গে ইরান ত্রিপাক্ষিক একটি পরমাণু জ্বালানি বিনিময় চুক্তি স্বাক্ষর করায় ১৫ জাতির নিরাপত্তা পরিষদে খসড়া এ প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত হয়। সোমবার ত্রিপাক্ষিক চুক্তিটি জনসমক্ষে তুলে ধরা হয়। এতে বলা হয়, বিদেশে কিছু ইউরেনিয়াম পাঠাতে রাজি হয়েছে ইরান।
মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের এ চুক্তির পেছনে পরিকল্পনা হলো জাতিসংঘকে নিষেধাজ্ঞা আরোপে দেরি করানো।
এদিকে জাতিসংঘে থাকা ব্রাজিলের প্রতিনিধি স্পষ্ট করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশ ত্রিপাক্ষিক এ চুক্তি অবহেলা করায় তার দেশ অসন্তোষ প্রকাশ করেছে।
নিরাপত্তা পরিষদ কাউন্সিলের বাইরে রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওট্টি সাংবাদিকদের বলেন, "এ মুহূর্তে খসড়া চুক্তির বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসছে না ব্রাজিল। কারণ আমরা বুঝতে পারছি যে এখন নতুন একটি অবস্থার সৃষ্টি হয়েছে।"
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক প্রতিনিধি খসড়া চুক্তির বিষয়ে কোনো ধরনের আলোচনার কথা উল্লেখ না করে বলেন, "আমরা বর্তমানে অন্যদিকে জোর দিচ্ছি।"
এ বিষয়ে তিনি তেহরানের জ্বালানি বিনিময় চুক্তির কথা উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৫ঘ.
bdnews24