২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্রিয়াজাত মাংস হৃদরোগ ও ডায়বেটিসের ঝুঁকি বাড়ায়

বেকন, সসেজ, হট ডগসহ অন্যান্য যে কোনো ধরনের প্রক্রিয়াজাত মাংস খেলে হৃদরোগ ও ডায়বেটিসের ঝুঁকি বেড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

শিকাগো, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেকন, সসেজ, হট ডগসহ অন্যান্য যে কোনো ধরনের প্রক্রিয়াজাত মাংস খেলে হৃদরোগ ও ডায়বেটিসের ঝুঁকি বেড়ে যায়। সোমবার যুক্তরাষ্ট্রের গবেষকদের প্রকাশিত এক গবেষণায় একথা জানা গেছে। তবে গরু, শুকর বা ভেড়ার ছাড়া অন্যকোনো প্রক্রিয়াজাত মাংসে এ ঝুঁকি নেই বলে গবেষকরা জানান। তারা জানান, লবণ ও রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষণাটিতে উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের মতো সমস্যাগুলো সম্পর্কে কিছু বলা হয়নি। জার্নাল সার্কুলেশনে প্রকাশিত গবেষণাটির গবেষক হার্ভাড স্কুল অব পাবলিক হেল্থ এর রেনেটা মিচা বলেন, "ডায়বেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতে কি ধরনের মাংস সে খাচ্ছে এ বিষয়টি তাকে খেয়াল রাখতে হবে।" তিনি আরও বলেন, "বেকন, সসেজ, সালামি, হটডগ ও দোকানের প্রক্রিয়াজাত মাংস খাওয়া বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ।" গবেষণায় আরও বলা হয়েছে, যারা সপ্তাহে একবার বা তার চেয়েও কম প্রক্রিয়াজাত মাংস খেয়ে থাকে তাদের ঝুঁকি অনেক কম। তবে যুক্তরাষ্ট্রের 'মিট ইনস্টিটিউট' এ গবেষণার বিরোধিতা করেছে। তারা জানায়, অন্য গবেষণাগুলোকে বিরোধিতা করে এই একটিমাত্র গবেষণাতে একথা বলা হয়েছে। মিট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জেমস হজ এক বিবৃতিতে বলেন, "এই অনুমান বড়জোর পরবর্তী গবেষণার ক্ষেত্রে সহায়ক হতে পারে। কিন্তু এর ওপর ভিত্তি করে খাদ্যাভ্যাস পরিবর্তনের কোনো কারণ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০৯ঘ.